তন্ময় মণ্ডলছায়া
নদীর জলে ভেসে থাকে যে ছায়া,
আমি তাকে সমর্পিত আত্মা বলি।
কত জল
বয়ে যায়…
পাড় ভাঙে
বাঁধ ভাঙে…
বেঁচে থাকে, থাকার চেষ্টা করে
কিছু অনাকাঙ্ক্ষিত ছায়া
কত জল শুষে নেয় কালের প্রলেপ।
রঙ লাগে, ফিকে হয়…
নিয়তিই শেষ কথা বলে
সময় সবটা জানে। ভেসে থাকা ডুবে থাকা সবই
আগুনের গান আসে, ছায়া পোড়ে
পুড়ে যায় নদীটির দু’পাশের তীর
তবুও ক্ষণিক সুখে
ছায়াকে জীবন ভেবে
আগলে রাখে
কিছু নদীর শরীর…
সিভিলাইজেশন
দীর্ঘ থেকে দীর্ঘতর ছায়াটা ক্রমশ মিশে যাচ্ছে
শরীরের অন্তিম বিন্দুতে
ম্যানহোলের জানলা দিয়ে উঁকি মারছে
পতনোন্মুখ সভ্যতার এঁটোকাঁটা
আর মোমের জুতো পরে হেঁটে যাচ্ছে মডার্ন সিভিলাইজেশন…
তীব্র আলোর ঝলকানিতে ঘুমিয়ে পড়ে ইনসোমনিয়ার পেশেন্ট
টেস্টটিউবের মতো ভেঙে যায় পুরনো বিশ্বাস
সম্পর্কগুলো আহত সরীসৃপ
সভ্যতা তবু এগোচ্ছে এক পা
দু পা
তিন পা …
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news