অরণ্য বন্দ্যোপাধ্যায়
লেখবুদ্ধ
প্রত্যেক মানুষের গভীরতম অরণ্যে বসে আছি
নির্জনহৃদয়ের বোধিবৃক্ষের নিচে করি ধ্যান
অপটু সাধক। চক্ষু নাই, মুখ বেঁকে যায়,
চোয়ালের হাড়ে জঙ ধরে দিনে দিনে
কখনও মনে হয়, ডান উরুর ওপর দিয়ে চলেছে
সারিবদ্ধ পিঁপড়ে শৃঙ্খল। কিন্তু নড়ি না।
কখনও মনে হয়, সাপের ঠান্ডা খোলোস পেঁচিয়ে
পেঁচিয়ে উঠছে উপরে। কিন্তু দংশনহীন এই রতি।
অবশেষে নারী ও মেধার অগুরু ও আতর
স্বেদস্রাব হয়ে নেমে আসে করোটির শূন্য-কোটরে
আর জ্বালা করে দৃষ্টি
তবুও আছি,
প্রত্যেকের মধ্যে ছত্রিশ মুদ্রায় ধ্যানরত।
এমনকী পাঠকের প্রত্যাখানেও আমার হুশ
ফেরে না কখনও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news