Breaking News
Home / পার্বণী / জানলা

জানলা

 

  সৌরভ বন্দ্যোপাধ্যায়:

 

জানলা

আমি তোমার চোখে ঈর্ষা দেখে
নিজের ছায়া মাপি,
তোমার হাতে পুণ্যটুকু রেখে
অনেক পাপে নিজের কাছেই পাপী।
আমি তোমার চোখে মৃত্যু দেখে
জীবন বাজি ধরি …
বাজি হারা কোন বাজ পাখি হয়ে
ভয়ের কাছে ফিরি!
আমি রাতের কাছে গল্প জমা রেখে,
দিনের আলোয় মুখোশ ফেরি করি …
সব কবিতার শেষ লাইনে এসে
ছন্দ মেলায় থমকে যাওয়া ঘড়ি!
আমার ঘুমের ঘোরে পাহাড় ভেঙে যায়
স্বপ্ন যত দাঁড়িয়ে থাকে ঠায় …
গুগল ম্যাপে রাস্তা খুঁজে খুঁজে
আপস করে পথ হারানোর দায়!
আমি নিজের ভুলে সব হারাতে পারি,
পাওয়ার নেশা মরুদ্যানের জল …
তোর দু-চোখে জানলা আঁকা ছাড়া
আমার এখন কাজ কী আছে বল?

 

 

সন্ধি

মনের ঘরে বন্দি যে জন
ভাঙবে না সে, কোনো আইন।
নিজের সঙ্গে সন্ধি করে
বহু বছর কোয়ারেন্টাইন।
তাদের খবর কেউ রাখেনি
খোঁজ নেয়নি একজনও,
অনেক দূরে সরিয়ে রেখে
নাম দিয়েছি সন্দেহ।
তারাই যখন চাইল হিসাব
মুখোশ হল ব্যালান্স শিট।
হাত ধুয়ে কী পাপ ধোয়া যায়?
সম্পর্কে বাড়ছে কীট।
এখন সবাই দূরেই থাকে,
ছোঁয়াছুঁই নৈব চ।
লুকোচুরি খেলতে শিখে
ধাপ্পা দিল অবৈধ।
এমনি করেই বাঁচতে হবে―
পায়ে পায়ে মৃত্যুভয়,
মুখোশ পরা মানুষগুলো
চোখের কাছে নতুন নয়।

 

সৌরভ বন্দ্যোপাধ্যায়:

১৯৭৯ সালের ২রা এপ্রিল জন্ম। পড়াশোনা উত্তরপাড়ায়। তারপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে বানিজ্যে স্নাতকোত্তর। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। সব থেকে পছন্দের কাজ লেখা। কবিতা দিয়েই প্রথমটা শুরু হয়েছিল। এখন কবিতা ও গল্প দুটোই। তবে বেশি পছন্দ কবিতা লেখাই।
গায়ক নচিকেতা চক্রবর্তী তাঁর প্রেরণা। তাঁর কাছে লেখা মানে― এই গোলমেলে সময়ে দাঁড়িয়ে ঝাপসা হয়ে যাওয়া দৃষ্টি একটুখানি কচলে নেওয়া। বিশ্বাস এইটুকুই, আগামীতে সব ভাল হবে।

Spread the love

Check Also

শব্দবাণ

স্নিগ্ধা রায়: শব্দবাণ শব্দবাণটা ভালোই চালাতে পারে ও। ভাবছেন এ যুগে আবার শব্দবাণ কে চালাল? …

বর্ণ কাহিনী 

  সুকৃতি সিকদার : বর্ণ কাহিনী    একে তো উল্টোদিকের সিট তারপর কোণার সিটটা পাইনি। …

স্বভাব

  তাপসী বোস মিত্র : স্বভাব তোমাদের বারেক উপস্থিতি! ধন্য হওয়ার বন্য স্বভাব প্রেমের রীতিনীতি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *