Breaking News
Home / পার্বণী / স্বভাব

স্বভাব

  তাপসী বোস মিত্র :

স্বভাব

তোমাদের বারেক উপস্থিতি!
ধন্য হওয়ার বন্য স্বভাব প্রেমের রীতিনীতি।
তোমাদের মুগ্ধ হবার ছল!
রত্তি ভরে সত্যি ভেবে বিছিয়েছে আঁচল।
তোমাদের নতুন নামে ডাক!
এই তো সেরা অস্ত্র জান, নিজের কাছেই থাক।
তোমাদের দিগ্বিদিকে মন!
হাতড়ে বেড়ায় খুশির খোঁজে হারায় আপনজন।
তোমাদের সহজ সাজা মুখ!
হৃদয় জুড়ে বালিয়াড়ি, তেষ্টা ভরা বুক।
তোমাদের জিতে নেবার জেদ!
পরিণামে জীবিত শব, অন্তে ব্যবচ্ছেদ।
ফিরে নাই বা হল দেখা!
স্মৃতি থাকুক অবসরে, জীবন চলুক একা।।

 

খিদের পাল্লা ভারি

 

ওই আবার জন্ম নিল অযোধ্যায় রাম
রহিমেরা নিরন্তর সঙ্গ দেবে ঠিক,
মিছিমিছি অপবাদ, দূষণের চেষ্টায়
গুজব ছড়িও না চতুর্দিক।

হয়তো ঘুমোনো দেশলাই হাতে আবার
বিদ্রোহ কোনো আগুন করবে খোঁজ,
ভেবে দেখো সেই মুহূর্ত অবসরে
মানুষই হারছে মৃত্যুর কাছে রোজ।

ও মুঠি জেনেছে বিচারের প্রহসন
চোখে জিজ্ঞাসা বন্দি হয়েছে ফাঁদে
আদালত শুধু জমে ওঠে কোলাহলে
বিচারের বাণী আজও নিভৃতে কাঁদে।

ভোরে ঘুম ভাঙে সমস্যা শুনে শুনে
সমাধান শুধু উপড়ায় এসে খুঁটি,
সাবধানে থেকো, বলে চলে যায় ছাদ,
পরিবার পিছু বরাদ্দ দুটো রুটি।

এক পাশে খিদে চেপে বসে পাল্লায়
অপর পাশে শত শর্তের ঢেউ,
মাঝখানে শুধু নির্বাক চেয়ে দেখা,
খিদেটাকে এসে নামিয়ে যাবে না কেউ।

 

তাপসী বোস মিত্র: মেয়েবেলা কেটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে। তারপর বাবা-মায়ের কর্মস্থল পরিবর্তনের কারণে বিভিন্ন স্থানে ঘোরা। স্কুলে থাকতেই লেখালেখির আগ্রহটা ছিল। স্কুল ম্যাগাজিন ও ছোটো পত্র-পত্রিকায় কিছু লেখা বেরিয়েছিল। কলকাতায় এসে স্কুল জীবন শেষ করেই সংসার জীবনে প্রবেশ। বিয়ের পর সাহিত্য ও বাংলা ভাষা নিয়ে কলেজে পড়াশোনা। সঙ্গে প্রকৃতি প্রেম, ছবি তোলা, বাগান করা নিয়ে দিন কাটে আনন্দে। লেখা প্রথম প্রেম। ইতিমধ্যে ১৯’শের বইমেলা, ও ২০’র এপ্রিলে প্রকাশিত হয়েছে তার কবিতার বই ‘মেঘ-ময়ূরী’ ও ‘আয়না এসে দাঁড়ায় ‘।

Spread the love

Check Also

একাকী বেহালাবাদক

  দেবাশীষ চক্রবর্তী :   একাকী বেহালাবাদক    কিছু কান্নার কোনো শব্দ হয় না। কোনো …

শব্দবাণ

স্নিগ্ধা রায়: শব্দবাণ শব্দবাণটা ভালোই চালাতে পারে ও। ভাবছেন এ যুগে আবার শব্দবাণ কে চালাল? …

বর্ণ কাহিনী 

  সুকৃতি সিকদার : বর্ণ কাহিনী    একে তো উল্টোদিকের সিট তারপর কোণার সিটটা পাইনি। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *