দেবাশীষ চক্রবর্তী :
একাকী বেহালাবাদক
কিছু কান্নার কোনো শব্দ হয় না।
কোনো কোনো মৃত্যুরও তেমনি নাম নেই।
কেন ফুটেছিল ফুল? অকাল বরিষণে
বুকে জল তার,
তার কোথাও কোনো স্থান হয় না।
কিছু কান্না মূল্যহীন তরল।
আমার গভীরে এক পূর্ণগ্রাস চাঁদ।
আলো নেই, তারারাও ভুলে গেছে সাজাতে আকাশ।
যে কোনো মূল্যে সুখ খুঁজি,
বেদনার সাজিতে শুকনো ফুল
তুমি রেখে যাও।
এ ফুল দেবতার পায়ে দেয়া যায় না
এ ফুলে প্রেম নেই,
এ ফুলে রিক্ততার গল্প ছড়ানো।
কিছু গল্প, গল্প হয়ে ওঠে না এ জীবনে।
নদী হতে চেয়েছিল দু’চোখ
তোমার উদ্যানে সুখের পলি মাটি হবে।
কিছু কান্না আজীবন নীরব।
একাকী বেহালাবাদক ২
আর কত ভুল বুঝতে হবে এ-জীবনে?
আর কত শত দাম দিয়েও মানুষ চেনা হয়ে উঠবে না?
কেন বারবার প্রত্যাখ্যাত হবে জাগতিক প্রেম?
কেন? কেন? বারবার প্রশ্নের বাণে বিদ্ধ হবে এ-হৃদয়?
আর কত বার লাল পদ্মে ভরে যাবে হৃদি কন্দর?
কেন আমি একা, এভাবেই প্রতি পদে পদে একা হব?
কোন এক নীড় হারা বিষন্ন চিল
এ শহরের বস্তিতে এত মানবের ভিড়ে কেন একলা মেহেশুস?
মেহফিলে কেন প্রদীপের অকারনণ নিভে যাওয়া?
অসমাপ্ত গানের কলি অকাল বিযোগ-ব্যথা
কেন? কেন বারবার শেষ হতে চায়?
বেদনার স্বরলিপি ভাঙা হারমোনিয়ামের কোলে ঢলে যায়।
দেবাশীষ চক্রবর্তী:
জন্ম ১৯৬১, ফেব্রুয়ারি।
নাকতলা দক্ষিন কোলকাতা। উচ্চ মাধ্যমিক পাশ নাকতলা উচ্চ বিদ্যালয় থেকে। আশুতোষ কলেজ থেকে স্নাতক। বিজ্ঞান বিভাগ।
শব্দ নিয়ে নাড়াচড়া শুরু ১৯৭৬ সাল থেকে। শব্দকে সাজানোর চেষ্টা তখন থেকেই শুরু।
প্রথম কবিতা ছাপার অক্ষরে দেখা ১৯৯৩ সালে। তারপর কবিতা প্রকাশ হতে থাকে নানা লিটল ম্যাগাজিনে। ১৯৯৯ সালে হঠাৎ কবিতা লেখায় যতি পড়ে। সেলসের চাকরি তে জীবিকা নির্বাহ। বছর দুই হল আবার শব্দ নিয়ে নাড়াচাড়া করার ইচ্ছে প্রবল হয়ে ওঠে। তবে এখনো কোনো বই প্রকাশ করা হয়নি। আগামী দিনে বই প্রকাশ করার ইচ্ছে আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news