সৈকত ঘোষ
বিসর্জনের ক্রিয়াপদ
একা মাইল-ফলক জানে অপেক্ষার দুটো হাত থাকে। অপেক্ষা শিউলি ঝরা ভোর, অপেক্ষা চাঁদের ভরাট বুকে আলো-আঁধারি ডুবে যাওয়া। যে হাত বসে আছে না ছোঁয়া দূরত্বে তারও একটা জানলা আছে, আছে প্রায় মুছে যাওয়া একটা চিলেকোঠা। ওয়াচ টাওয়ার থেকে যতটা দূরত্ব বোধিবৃক্ষের, যতটা হাজার খণ্ড জুড়ে লিখে রাখা দহনের গান সেখানে কোথাও ঘাপটি মেরে থাকে কৈশোর। দিঘির জলের মতো শান্ত চোখ, চোখে চোখে বেহিসেবি পুড়ে যাওয়া। আমি নিজেকে ভরাট করি, পাশাপাশি বসে থাকে অপেক্ষা। অপেক্ষার একটা দীর্ঘ চুম্বন আছে, আঁচিলের মতো জেগে থাকে ছায়া। আমি হাঁটতে থাকি, শপথ বাক্যের মতো পাশে এসে বসে ভোরের আজান। যে পাতায় এখনও কিছুটা লেগে আছ তুমি, যে শিউলিতে ঝরে গেছে আমাদের দশক আমি তার পিঠে স্বপ্ন পেতে দিই। ভিড়ের সমুদ্র থেকে খুঁজে আনি আদিম নাকছাবি। কি আশ্চর্য এ ঘর-সংসার। তুমি পুড়ে যেতে যেতে হেসে ওঠো, আমি দেয়াল জুড়ে গুছিয়ে রাখি আবহাওয়ার পূর্বাভাস। অন্তত একবার ইচ্ছেরা পুরো হবেই, তুমি বাজি রেখেছিলে। যেভাবে অন্ধ ঘোড়া তার শেষ দৌড় থামাতে চায় না, যেভাবে ঢেউ তার যৌবন খুঁজে পায় প্রতিদিন। আমি তোমার চোখে খুঁজেছিলাম ক্ষয়ের সমস্ত আয়োজন। তুমি স্পর্শকাতর কিংবা ফোঁটা ফোঁটা দাঁড়িয়ে থাকা। আকাশের ক্যালেন্ডার চৌকাঠে এসে থামে, কালো রাত্রি খুঁজে পায় বিনিদ্র যমজ। কমে আসে গতিবেগ। দুটো হাত একই ভাবে, কোনও স্পর্শ নেই, ফোনের ওপারে উপচে পড়ে কেবল অশ্রুশব্দ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news