সুমন মল্লিক
স্বপ্নভঙ্গ কীভাবে কুরে কুরে খায়
বুকের মাটি ফুলে ওঠে অভিমানে, কিছুটা ঘোরতর অনুশোচনায় ৷
কেউ নয়, শুধু অঙ্গ জানে স্বপ্নভঙ্গ কীভাবে কুরে কুরে খায় ৷
রাতের সংসার এলোমেলো, দিনে তরীখানি টেনে
উপভোগ করি না কিছুই, অধর্মে পালন করি
ভিখু মনের উপবাস– কখনও কখনও নিমেষে
আলো হয়ে দেখা দেয় সৃজন… জীবন তো আসলে
তালগোল পাকানো এক সড়ক– নিভৃতে তাই
মুখোমুখি বসি আত্মার; বলি– বল, কোন দিকে যাই ?
আঁধারে ঢাকা আছে যা কিছু, সবই তো আলোর আগুনে ছাই ;
তবু একতারা হাতে জোছনার গান গাই, তবু অপূর্ব করি হৃদয় ৷
হেমন্তের বৃষ্টিই কি আমার অনুবাদ, বর্ণালী?
তোমার আঁচলে একজন হেরো মানুষ রোজরাতে ভাঙন লুকায় ৷
তুমি কি বোঝো না, স্বপ্নভঙ্গ কীভাবে কুরে কুরে খায় ?
কতো লোভ চারপাশে, তবু ক্ষোভ উগরে দিই না,
আসলে উগরে দেবার মতো কিছুই নেই আমার ৷
আমার কাগজের ঘরবাড়ি… প্রেমিক রক্ত…
কথার চাবুক গায়ে মেখেও ভালোবাসা বিলোই গলি গলি ৷
আমার দু’হাত শূন্য, শূন্য বুক, অন্ধ ভবিষ্যৎ…
তবু আগুনের দিকে চলি, মুগ্ধতার কথাই বলি ৷
একটু ভেবে দ্যাখো– সুখে ঢাকা ব্যথা, ব্যথায় ঢাকা সুখ ৷
আমার মুখের মাঝে আঁকা আছে আরও করুণতর মুখ ৷
আমার ‘একক’ শুধু ভাঙনপুরাণ, আমার ‘দিব্যি’গুলি
সাহুর জলে ভেসে গেছে, আমার কোন কাব্যের ‘হ্রদ’ নেই,
নেই কোন সুখের ‘আশ্রম’ও, আমার স্বপ্নবাড়িও নেই কোথাও ৷
ভেবে দেখি, আনন্দে কোন আনন্দ জপ নেই আমার,
দুঃখে নেই দুঃখের সংবেদ; এই নেই, নেই আর নেই-এর মাঝে
শুধু আছে ভোর-গোধূলির কোমল আঁচড়, রাত্রির বিষন্ন-বাহার ৷
চোখ হয়ে বুকে ঝুঁকে দ্যাখে না কেউ, বুকে জমে আছে কথার পাহাড় ৷
আশ্বিনের এই বজ্রনির্ঘোষই কি আমার অনুবাদ, বর্ণালী ?
কতো শব্দবাণ চারপাশে, মুখোশ-মানুষ কলঙ্ক লেপে দেয় গায়ে ৷
তুমি কি বোঝো না, স্বপ্নভঙ্গ কীভাবে কুরে কুরে খায়?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news