কিশোর ঘোষ
নীল পরির গল্প
কিছু গুহ্যকথা, এলোমেলো… কতো দুপুরের বাথরুমে
ফোটা ফোটা মাফিয়া-স্নানের চিহ্ন পড়ে আছে…
লাজুক অন্তর্যামীর ফসলে ভরা, সে অন্য জগৎ
সেই অতৃপ্ত-পৃথিবীর আত্মা দেখেছি আমি
আধমরা রাত্রির নদীর চরে—
মানুষের অসমাপ্ত প্রতিলিপি পোড়াচ্ছে আরেক মানুষ!
এসো, মন দিয়ে সেই ইতিহাস খুঁড়ি
বেদনার সঙ্গে চেতনার অস্থি-কঙ্কালের দেখা হোক—
প্রত্যেকেই হরিণ আর আত্মঘাতের নাম বাঘ, নিজেই নিজেকে
শিকারে ক্লান্ত ঘাসজঙ্গল…
যে সত্যের গুপ্তধন পোঁতা আছে রূপকথার অরণ্যে
তাকে বিশ্বাস করেনি কেউ
অথচ আমাদের জন্ম—টুকরো স্বর্গযাত্রার ইঙ্গিতবাহী
ভাঙা রাস্তার সঙ্গে ভাঙা রাস্তাকে জুড়ে
জীবনের যে কোনও দূরে যাওয়াই যেত
পক্ষীরাজও ছিল প্রস্তুত
অবিশ্বাসের রক্তশূন্য আস্তাবলে তাকে কোনোকালে পাবে না কেউ
অতএব, দায়িত্বজ্ঞানহীন ভোর, কর্কশ
মানুষের হুল্লোড়ে মাঝ আকাশে
থমকে গেছে বিরক্ত সূর্য
তবু যে অবশিষ্ট ওঠে, রোজ সকালে
সে শিশুর ফুটবল, পাপ-পুণ্যের ঊর্ধ্বে ঝোলানো মাঠ,
খোলা হাওয়ার খেলা…
ঘুড়ি উড়িয়ে ছাদ ওড়াতে পারে,
অংক খাতা ছিঁড়ে সে বানাতে পারে অনন্তরাজারমুকুট
এমনকী সে তো পরি দেখেছিল,
স্বপ্নের সোনালী-পাহাড় ডিঙোলে রঙিন তারাদের যে বাগান আছে
মনে হয় সেখানে সে গেছে!
মিষ্টি নীল পরি তাকে স্বচ্ছ লালসায়রের গল্প বলেছিল,
সেই পদ্মগন্ধ জলের তলায় নাকি মানুষের স্বর্গে যাওয়ার
সিঁড়ি নেমে গেছে…
সেই গা-ছমছমে… শ্বেতশুভ্রপ্রাসাদের গেট খুলতে চাইছি আমি
আমাদের কবিতারা যেন ওই আশ্চর্য নগরের যাওয়ার পাশপোর্ট হয়ে ওঠে…
অক্ষরের জন্মান্ধ অরণ্য পার হয়ে, শব্দের উত্তাল সমুদ্র ডিঙিয়ে
আমায় কে পৌঁছে দেবে… লালসায়রের সহজ জলের দেশে,
নীলপরির গল্পের, ডানার, অপূর্ব অপেক্ষার কাছে!!!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news