দেবরাজ চক্রবর্তী
অজাতক
ধুলো মেখে দাঁড়িয়েছে ক্ষমাহীন প্রাণ
বীরের হাতের থেকে অস্ত্র খসে পড়ে
শিয়রে শমন নিয়ে ঘুম ভাঙে ভোর
প্রতিবাদ ছুটে আসে নগরে নগরে
নিরুপায় জননীর কলঙ্কবোধ
ভাসিয়েছে সন্তান অন্তহীন দেশে
পুরাকাল থেকে বীর মার নিয়ে ঘোরে
কখনো দেবতা আসে ব্রাহ্মণের বেশে।
প্লাবন
সভ্যতা দুলে ওঠে পৃথিবীর বুকে
প্রবল জলোচ্ছ্বাস, শ্রাবণের ধারা
পুরাকাল লিখে রাখে মনুসংহিতা
নোয়ার নৌকা বুঝি ভিড়েছে কিনারা
ভেসে গেছে ইতিহাস মহাদেশ থেকে
যুগে যুগে গড়ে ওঠে ঘন উইঢিবি
বাল্মীকি লিখে রাখে শেষ রামায়ণ
রাম গেছে বনবাসে, দেখেছে পৃথিবী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news