সৌভিক বন্দ্যোপাধ্যায়
এক একটা খুন থাকে
সমুদ্রে দলবেঁধে বেড়াতে যায় লোকে
সমুদ্রের সামনে দাঁড়িয়ে
তবু প্রত্যেকে অসামান্য একা হয়ে যায়
“ওশেনিক টিউলিপ” রিসর্টের মাথায়
চাঁদ ওঠে, ঝাউবনে জেগে ওঠে অজানা মাছের কঙ্কাল
লোনাজল, লং ড্রাইভ, লোনা ঠোঁটের দিন
শেষ হয়ে আসে, বালিতে পড়ে থাকে
বিষণ্ণ ভদকা ও গোলাপি চটির দাগ
এক একটা খুন থাকে, জন্ম, জন্ম পেরিয়েও বেঁচে থাকে ঠিক
সি-বিচে হত্যা ঘটে জ্যোৎস্নার নিঃশব্দ বুলেটে
পরদিন সূর্য উঠলে, তদন্ত শুরু করে সমুদ্র-পুলিশ
সাক্ষী দেবার ভয়ে, বাতিঘর মৃদু নিভে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news