বুদ্ধদেব হালদার
প্রথম কবিতা গুচ্ছ
১
সাদা নরম বেড়াল হয়ে উঠতে ইচ্ছে করে। এবং সাতমহলা
কামুকী যোনির আঠায় শুয়ে থাকতে ইচ্ছে করে খুব, এবারের
ডিসেম্বরে একটা গুচ্ছ-কবিতা লিখতে পারি। এবং বিনোদ
ঘোষালের বাড়িতে গিয়ে চুরি করে ফেলতে পারি তাহার বাহান্ন
বেদনা ও বিস্তর বাউল। বস্তুত এক প্রকাশক অদ্ভুত খচে
গিয়েছিলেন একদিন। বলেছিলেন, ‘এত রোগা কেন হে তুমি?’
জেলিফিশ ভীষণ পছন্দ আমার। জাহাজডুবির ঘটনায় বেলিফুলের
বাগানে কান্নাকাটি করতে গিয়ে দেখেছি, কণ্ঠনালী ছিঁড়ে বেরিয়ে
পড়েছে আমার জন্মগত চেরাজিভ
২
আমাকে আর কবিতা লিখতে বোলো না কেউ, প্রকৃতই
এসব খুব কঠিন ব্যাপার। বর্ধমান থেকে ফোন করেছিলেন
কবি তপন মণ্ডল। বৃষ্টিপাত না হওয়ায় শুকিয়ে গেছে
ধানখেত। মাটির তলায় একটুও জল নেই। এবং বর্ষার
ধানও চাষ হচ্ছে না এবার। সুতরাং প্রশ্ন উঠতেই পারে, আদতে
শিল্প মানেই নির্মম গণটোকাটুকি নয় কি? দ্যাখো আঁশটে গন্ধে
ভরে যাচ্ছে প্রত্ন প্রেমিকার কোল। চলো, মরে যাওয়ার আগে
একবার বেড়ালের মতো ডেকে উঠি। মিউউউউ …
৩
আমি এ ব্যাপারে কিছুই জানি না। শুনেছি আমার বংশের
অনেকেরই এরকম মাথার ব্যারাম ছিল। সমুদ্রের কাছাকাছি
গিয়ে তাঁরা শান্ত হতে পারতেন অনেকটাই, এবং যদিও
কবিতা লিখতে আজকাল একদমই পছন্দ করি না আমি।
কী হবে যদি তোমাকে ফিরে পাই আবার? এই বুকে
বিত্রস্তরকম ভালোবাসা জাগার আগে অক্ষয়কুমার দত্তের মতো
বলতে চাই, ‘I am toothless’
৪
আজও এসেছি, যদি একটা চাকরি জুটে যায় এবং
আপনি বলেছিলেন এবছর একটা বই করে দেবেন
আমার। এমনকী সে বই পেয়ে যেতে পারে তাবড়
কোনও পুরস্কার। সবই তো আপনার বাঁয়ে হাতের খেল।
এক চুটকিতে গোটা বাংলা সাহিত্য লুটিয়ে পড়তে পারে
আপনার পায়ের তলায়। তবে স্যর, আমি খুবই গরিব।
আমার বাবা রিকশা চালাতেন। এবং আমার প্রথম
উপন্যাসটি না হয় আপনার নামেই ছাপুন ..
৫
থাকুক। এসবও অভ্যেস আছে সহ্য করার। একমাত্র
তুমিই শুধু কোনোদিনও ভালবাসলে না আমায়, অথবা
তুমি ব্যতীত আর কেউ কখনোই ভালোবাসেনি আমায়,
এই যে কবিতাগুচ্ছ যেখানে একটা বেড়াল হেঁচে বেড়াচ্ছে
অনবরত। এবং নীল জামার ভেতর ঢুকে হয়ে উঠতে
চাইছে আরেকটা বুদ্ধদেব হালদার, ক্রমশই সংলগ্নহীন হয়ে
উঠবে কি তাহার জীবন? হে মান্যবর সাহিত্যিকগন,
এ ব্যাপারে আপনারা আলোকপাত করুন।
৬
ওহে তরুণ কবি, তুমি কি আমার মতো করে
লিখতে চাইছ এই সময়ের বাংলা কবিতা? তুমি
কি আরও বেশি করে ব্যবহার করতে চাইছ এবম্ভূত
বিষাদ ও বিপন্নতা? লেখো, তাতে কিছুমাত্র বিরক্ত
নই আমি। আমাকে টুকে রাখো আগাগোড়া তোমার
খাতায়, আমার দাঁড়ি কমা ও স্পেস এবং পঙক্তি
কিংবা পঙক্তিমালা, কিছুতেই আপত্তি জানাবো না
আমি। শুধু দেখো, তোমার ব্যক্তিগত জীবনটা কখনও
যেন আমার কবিতার মতো বিপন্ন না হয়—
৭
এ কবিতা আমি লিখিনি। মিস্টার টম লিখেছেন। এবং
তিনি অনুরোধ করেছেন, এ কথা যেন ভুলেও আমি
কাউকে না জানাই। টম একজন অতিশয় ভদ্রলোক,
সাতেপাঁচে থাকা তাঁর অভ্যাস নয়। নিজের লেজ নিয়ে
নিজেই ব্যস্ত থাকেন সারাদিন, এবং এই প্রথমবার আমার
হয়ে তিনি একটি গুচ্ছ কবিতা লিখলেন
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news