রঙ্গীত মিত্র:
পাল তুলেছি …
উৎসর্গ: সুন্দরবনের মানুষদের জন্যে
আমার আর তোমার মধ্যে কালিন্দী নদী
বিএসএফ জানে না।
আপনার হোয়াটসঅ্যাপ জানায় কতটা বেড়েছে বিপন্নতা।
আপনার হোয়াটসঅ্যাপ জানায় চিন, পাকিস্তান।
এই জঙ্গল, এই রাত জাগা, কাদা লাগা চাঁদ
পরিযায়ী পাখিরাও আসে না।
লকডাউন বলে আমারও আর যাওয়া হয়নি তামিলনাড়ু।
কাঁকড়া, চিংড়ি ধরতে যাওয়ার ভোর,
জোয়ার এসে পাখা নাড়ায় উঠোনে,
হলুদ দড়ির পিছনের অজানা মৃত্যুভয়―
সে কি বিজ্ঞান বলে কিছু জানে?
আমাকে ব্যবহার করেছে আপনাদের রামসার, আপনাদের ওয়ার্ল্ড-হেরিটেজ।
আমি জানতাম এই জঙ্গল আমার বাড়ির শরীর।
আপনি আমার মধু কেড়ে নিলেন !
কিন্তু ফরেস্ট-অ্যাক্ট ভেদ করে ম্যানগ্রোভের শ্বাসমূল বেরিয়ে আছে।
আপনার পারমিট, আপনার লাল-চোখ, মদে ভিজে যাওয়া।
বেঁচে থাকা পাল তুলেছে, সমুদ্রের দিকে …
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news