নীল বণিক:
লোকসভা ভোটের আগে রাজ্যে হিন্দুত্বের প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলতে কৌশল নিল বিশ্বহিন্দু পরিষদ। চলতি সপ্তাহে রাম মন্দির নির্মাণ নিয়ে সারা দেশের রাজনীতি উত্তাল। এবার রাম মন্দির ইস্যুকে রাজ্যের মাটিতেও ছড়িয়ে দিতে পরিকল্পনা করছে ভিএইচপি। নভেম্বর মাসেই রাজ্যের বিশ্বহিন্দু পরিষদের নেতারা রাম মন্দির নির্মাণ নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে দেখা করবেন। বুধবার এই কথা জানালেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা শচিন্দ্রনাথ সিংহ।
তিনি জানিয়েছেন, রাজ্যের শাসকদলের লোকসভা ও রাজ্য সভার সমস্ত সাংসদের সঙ্গেই বিশ্বহিন্দু পরিষদের সদস্যরা দেখা করবেন। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে তৃণমূল কংগ্রেসের দৃষ্টিভঙ্গি নিয়ে ভিএইচপির নেতারা কথা বলবেন বলে জানিয়েছেন শচিন্দ্রনাথ সিংহ। আগামী লোকসভা ভোটের আগেই রাম মন্দির ইস্যুতে তৃণমূল কংগ্রেসের এমপিদের সঙ্গে ভিএইচপি নেতাদের সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। হিন্দুত্বের প্রশ্নে রাজ্যে বিজেপি কিছুটা ঝড় তুলতে ইতিমধ্যেই সক্ষম হয়েছে। সেই ঝড়কে আরও উচ্চগ্রামে নিয়ে যেতে বিশ্বহিন্দু পরিষদকে কাজে লাগানো হবে, এমনটাই খবর।
তবে বর্তমানে রাজ্যের মাটিতে দলের ১লা নম্বর বিরোধী বিজেপির শাখা সংগঠনের নেতাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংসদরা রাম মন্দির ইস্যুতে কথা বলতে রাজি হবেন কিনা সেটাই বড় প্রশ্ন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news