সৌম্যজিৎ আচার্য

একটা ট্রেন,একটা রাত,এক আকাশ আর একটা লোক
তারা ভরা আকাশের নীচে এক ট্রেন
ট্রেনে এক যাত্রী…
অন্ধকার রাত। কোনও এক প্রেমিকার ছড়ানো চুলের মতো…
মাঝে মাঝে আলোর চিহ্ন যেন দূর আকাশের বিবাগী তারা
অস্বীকার করছে আকাশের অসীমতা…
লোকটা দেখছে রাতকে,
রাত দেখছে আকাশকে,
আকাশ ট্রেনকে-
ট্রেনটা চলে যাচ্ছে দূরে…
ট্রেনটা কোথায় যাচ্ছে লোকটা জানে না,
রাত জানে না, বিজ্ঞ আকাশও জানে না…
এ কবিতা আমি লিখছি, কিন্তু আমিও জানতে পারছি কই!
ট্রেনটা কলম থেকে বেরিয়ে, ভাবনা থেকে বেরিয়ে,
ক্রমশ হাতছাড়া হয়ে যাচ্ছে-
আমি ওকে আটকাকে চাইছি,
ওর পেছনে ছুটছি…
কিন্তু ও ট্রেন পাহাড়ের একটা প্রতিধ্বনি হয়ে যাচ্ছে
সড়কের এক বাঁক হয়ে যাচ্ছে ছেলেবেলার সেই মাঠ হয়ে যাচ্ছে…
…………..

যেভাবে
এ দুপুর যেভাবে গোধূলি হবে
আমি সেভাবেই তোমাতে মিশে যাব একদিন
গাছে গাছে ছায়া নেমে আসবে
রাস্তায় জ্বলবে তারাদের ল্যাম্পপোষ্ট
এবার বসন্ত বহুমাস থাকবে
সাদা মেঘের মতো ঘোড়ারা হ্রেষা দেবে ছাদে…
এ বসন্ত যেভাবে পলাশে হারাবে
আমি সেভাবেই তোমাতে মিশে যাব একদিন…
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news