Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা

রবিবারের কবিতা

 সুদীপ চট্টোপাধ্যায়

 

যদিদং…

 

অসুখবৃত্ত। বাড়িয়ে নিলে খুলে যায় দেহ

তখন এক একটা শীতকাল লেখা হয়, মধ্যমাজনিত

 

দোকানে দোকেনে ডিসেম্বর নামে

নামে ছোটো ছোটো ছেলেমেয়ের সমতল হাসি

 

অসুখ চৌকো করে আমরা ঢুকে পড়ি

রঙিন ট্যাবলেট আর স্বচ্ছ ক্যাপসুলের ভেতর

 

দুএকটা ট্যাবলেট অথবা ক্যাপসুলের দানা

চৌকো অসুখ খুলে বেরিয়ে পড়ে শহরের রাস্তায়

 

আর নির্ঘাত হারিয়ে যায় টুপি ও দস্তানাসহ

তখন দেহ গুটিয়ে এনে ঘাড়ে নিই, ফাঁকা ময়দান দেখে

 

মেলে ধরি পুরনো থার্মোমিটার, অকেজো স্টেথোস্কোপ

বৃত্ত ছোট হয়, ছোট হতে হতে একটা ট্যাবলেট, অথবা

 

ক্যাপসুলের ভেতর দানা হয়ে ঢুকে যায়

তখন এক একটা শীতকাল সংক্রমণ-হেতু গায়ে হলুদ মাখে

 

কাটা লেজ নড়ে ওঠে, দেয়াল থেকে টেবিলে এসে পড়ে

ঘুমন্ত টেবিল শুচিবায়ুগ্রস্ত, গা ঝাড়া দেয়, ছুটে যায় বাথরুমে

কাটা লেজ তখন ঘরের মেঝে আঁকড়ে ধরে, ডিগবাজি খায়

 

এসব বাড়ি জানে না, সে তার ভেঙে-যাওয়া তানপুরা

আর হঠাৎ হারিয়ে-যাওয়া টিভি সিরিয়াল নিয়ে চিন্তিত থাকে

নরম সোফার বুক চেপে ডুকরে ওঠে

 

কাটা লেজ মশকরাপ্রিয়, বাড়ি থেকে ছিটকে নেমে

কোনও সার্কাসের দলে ভিড়ে যায়

মাঝে মাঝে জোকারের পকেট থেকে বেরিয়ে

উড়ন্ত মেয়েদের ডানার সঙ্গে আটকে থাকে

 

গভীর রাতে তাদের ঘুমন্ত দেহ থেকে দর্শকের মাংসল হাততালি

লোভসিক্ত চোখ খুলে রেখে আসে বাঘের খাঁচায়

শিথিল ডানা থেকে খসে-যাওয়া-পালক কুড়িয়ে রেখে দেয়

ঘুমন্ত জোকারের পকেটে

 

এভাবে সফল হয় সার্কাস, এভাবে হঠাৎ হারিয়ে যায় টিভি সিরিয়াল

আর কাটা লেজ একদিন ফিরে আসে পুরনো দেয়ালে

শুচিবায়ুগ্রস্ত টেবিল স্ববিস্ময়ে দেখে, উজ্জ্বল আলোর পাশে

সদ্য গজানো লেজ নিয়ে পুরনো টিকটিকি পোকা ধরে খায়

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *