সীমিতা মুখোপাধ্যায়
সাদা পাতা
আমি লিখতে পারি না—
আনকোরা সুগন্ধির মতো কোনও বৃষ্টি-লেখা
অথবা জল-ভরা মেঘের মাঠ ভর্তি আষাঢ়-গাঁথা।
বুকের ভিতরে কে এক দুঃখ-কন্যা গেয়ে চলে
তার গ্রীষ্মকালীন ব্যথা।
মধ্যরাতের ট্রেন উড়ে যায় হুইসেল দিতে দিতে
যেন সে দিগ্বিজয়ী পুরুষ,
জিতে নেওয়া সাম্রাজ্য ছেড়ে ছুটে চলেছে
নতুন চ্যালেঞ্জের দিকে।
নিজের মধ্যে নিজেই গুটিসুটি মেরে বসি,
আরও নিশ্চুপ হতে থাকি আগল-দেওয়া মনে,
সামনে রাখা সাদা পাতায় ছিঁড়ে ফেলি
কার যেন মৃত্যু-সংবাদ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news