Breaking News
Home / সান-ডে ক্যাফে / বইমেলার কবিতা

বইমেলার কবিতা

 শাশ্বত কর:

 

একটা সমবেত স্বপ্ন ভাসছে আকাশে।

জানি, প্রশ্ন ভেসে আসবে, স্বপ্ন কেমন করে সমবেত হতে পারে?

উত্তর খুঁজতে আপনাকে খুব বেশি হাঁটতে অথবা খাটতে হবে না সুজন পাঠক!

কেবল দুটো চারটে ‘অপচয়’ নতুবা ‘বাজে খরচের’ ইচ্ছে পকেটে ভরে নিন,

তারপর সোজা চলে আসুন নীল সাদা  রঙে মোড়া

ঝলমলে আলোর ঝকঝকে তোরণ পেরিয়ে

জিভে জল আনা মশলাপাতির গন্ধ এড়িয়ে

পথের কিনারে, ঠিক যেখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে অসংখ্য মাথা,

দেখেও না দেখা-অদেখায় উপেক্ষায়

যেখানে যত্ন করে সেজে আছেন স্বপ্নের ঠাকুর—

এক হাতে তাঁর রংপাত্র, আর হাতে সদ্য ফোটা শালুকের মায়া তুলি।

অথবা স্বপ্নচণ্ডী ঠাকরুন নিজেই কোনো বৃদ্ধা

নতুবা আলুথালু যুবতীর বেশে দেখা দিতে পারেন সেই জন অরণ্যে।

হয়তো কাঁধের ঝোলা থেকে

আপনার জন্যে বার করে আনতে পারেন

স্বপ্নের দেশ থেকে টুকিয়ে আনা মুক্তার এক ছড়া মালা!

নতুবা আপনি নিজেও হাজির হয়ে পড়তে পারেন স্বপ্ন বাজারে।

ছোট ছোট অসংখ্য টেবিলে গাদাগাদি স্বপ্নের পশরা সাজিয়ে

হইহই করে বিকিকিনির চেষ্টা চালাচ্ছে সেখানে বাউন্ডুলের দল।

বাস্তবের কড়ি কবে ওদের পকেট গলে মিশে গেছে রাস্তার নুড়ি কাঁকড়ে।

হাড্ডি সার শরীর, ঝোলা সার কাঁধ, ব্যাকক্লিপ সার আভরণ

আর দাড়ি সার চিবুক হলে কী হবে,

            স্বপ্ন সার চোখের আলোয় অমূল্য পৃথিবীর মূল্যবান মণি মানিক্যের স্বপ্নসন্ধানী ওরা।

অবশ্য এই এলোমেলো ভিড়ে যদি আপনার দম বন্ধ হয়ে আসে,

আপনি ঢুকে পড়তেই পারেন বড় পরিসরের কোনো স্বপ্নের কক্ষে।

সেখানেও অজস্র স্বপ্নেরা জোট বেঁধে  একটি মাত্র ডাকনামের ফ্লেক্সে

কেবল আপনার আঙুল ছোঁবে বলে সম্বৎসর অপেক্ষায়।

স্বপ্ন বাজারের কোনো যুবক

হয়তো কুড়ি কুড়ি বছর স্বপ্ন ফেরি করতে করতে

                        নিজেই স্বপ্নবৃক্ষ হয়ে বসে আছেন সেখানে।

আদত কথাটি হলো স্বপ্নেরা সবাই জোট বেঁধেছে।

বছরে অন্তত এই সময় স্বপ্নেরা জোট বাঁধে।

অনেক অনেক সবুজ পাতায় যেমনি একটি মাত্র বৃক্ষ,

তেমনি একটি মাত্র স্বপ্নের গাছ এই সময় ফুলন্ত হয়।

আসুন, সুজন পাঠক, সেই ফুলের মেলায়

আপনাকে স্বাগত জানাবে বলে দেখুন

                        কেমন সেজে রয়েছে নবীন প্রবীণ বইদের দল।

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *