সৈকত ঘোষ
জিরো ওয়াটের সায়েন্সফিকশন ৭
বেঁচে থাকারও একটা স্লিপিং-মোড আছে,
একটা আধখাওয়া আপেল সাড়ে উনিশ ডিগ্রি অক্ষাংশে
তুলে ধরে সমস্ত মিথ। আপাতত একটা সিগারেট,
স্ক্র্যাপবুকে ফাল্গুনের শেষ হাসি
#
আমি গভীরতা খুঁজেছি গুগলে, বুঝে গেছি
কীভাবে ঈশ্বর মানুষ হয়ে ওঠেন
কীভাবে সন্ধে নামে বিকেলের ক্লিভেজে
#
আমি ফুটেজ দেখে খুঁজে নিতে চেষ্টা করি
বারোঘন্টা ডিউটির পর দু-ঘন্টা ওভারটাইম
#
বিশেষণের কোনো স্থায়ী ঠিকানা নেই
যা কিছু তোমার সে সবই অন্য কারো ছিল একদিন

জিরো ওয়াটের সায়েন্সফিকশন ৮
আমার মাথার মধ্যে কমলারঙের বিপ্লব। নদী হয়ে যাওয়া
সম্ভাবনা আকাশগঙ্গা থেকে খুঁটে আনে উপোসী শব্দ। শব্দের
মায়াবী শরীরে খাজুরাহো মিশেছে। নিজেকে টিউন করতেই
টুকরো টুকরো ঘটনা জিরো পয়েন্ট উল্লাসে ফেটে পড়ে
#
ফেটে পড়ার আরেক নাম বিপ্লব। চেনা কক্ষপথ, চেনা শরীর
সেজে ওঠে মিথ্যে আত্মবিশ্বাস। সিকোয়েন্স ভুল হয়ে যায়
জল ভাঙে সহজিয়া গান। আমি ভাঙনের সূত্রে
তোমাকে খুঁজে পেয়েছি অথবা তোমার মতো কেউ
#
সে কথা সুন্দর জানে না, সুন্দরের বায়োপসি রিপোর্ট
মাধবীলতার কপালে আকাশ এঁকে দিলো
জিরো ওয়াটের সায়েন্সফিকশন ৯
ডিপ্রেশনের কোনো জিনম্যাপ হয় না, নিজেকেই খুঁড়ে তোলো খনিজ
জীবন সেই অসম্পূর্ণ গানটার মতো একটা অর্ধেক বৃত্ত
বাকি অর্ধেক তোমাকে নিয়ে ট্রায়াল এন্ড এরর
#
আমি কথার পরবর্তী ধাপে নিজেকেই মুদ্রণ করেছি
পছন্দের কোটেশন প্রিয় অ্যাশট্রের গায়ে। রূপকথা নয়।
নিজেকে জমিয়ে জমিয়ে কথার ছাই
#
এসব কিছুর কোনও শিরোনাম দিতে পারিনি
লেখার আগেই গেয়ে উঠি রবীন্দ্রনাথ

জিরো ওয়াটের সায়েন্সফিকশন ১০
টুডের সঙ্গে টুমরো মিশিয়ে দিলে কয়েক লক্ষ গুণ বেড়ে যায় গতিবেগ
রাজা-রানির গল্পে চেনা ক্লাইম্যাক্স আপাতত ট্রেডমিল সফরে যাবে
কিছু শব্দ তৈরি হওয়ার আগেই জেনে যায় কতটা গ্লাসে ভরে নিতে পারলে
গৃহপালিত মানুষ তাকে মিশিয়ে দেবে অক্ষরবৃত্তে
#
আমি ঘুমের মধ্যে অলীক খুঁজে দেখেছি, কীভাবে স্তম্ভিত চোখ
আলো থেকে নিশ্বাস তুলে আনে। একটা জন্ম, অনেকটা মৃত্যু,
কবিতা মুছে দেওয়া পালক আল্টিমেটলি একটা বাক্স উপহার দিয়েছে
#
বাক্স খুলতেই তোমার চোখে উনিশের সারভাইবাল অফ দি ফিটেস্ট
জিরো ওয়াটের সায়েন্সফিকশন ১১
সে ছিল একটা হারিয়ে যাওয়া রং-পেন্সিল
পুরাঘটিত বিকেল। অঙ্কের কোচিং থেকে কম্পালসারি গাছ
#
গাছ সে তো আশ্রয়, আরও একটা উত্তরণ-পর্ব
আমি ছায়ার সামনে দাঁড়াই, আরোপিত
জীবনে নিজেকেই কালার-ব্লাইন্ড করেছে হ্যাবিট
#
কত অনায়াসে তুমি বলতে পারো,
সব বুঝেও এগিয়ে দিই আঙুল
#
শ্রেষ্ঠ ভালোবাসার কোনও শব্দ হয় না
সব দাগ মুছে গেলে কমে আসে আলোর অনুপাত
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news