সরোজ দরবার

প্রাক্তন
কতদিন পড়ে আছ তুমি— বন্ধ ঘরের মতো
নয় নয় করে কতদিন খোলা হয় না তালা,
পুরনো বাতাস ঘুরে ঘুরে ছিটকিনি-দরজায়
তোমার কথাই বলে, আর পুরনো গান গায়;
তুমিও কি গাও পুরনো দিন, পুরনো দুপুর-
চুন-খয়েরে মেশা সেই লাল হয়ে ওঠা রোদ
এখনও কি টানে তোমাকে বুকের বোতামে!
তবে লিখিও, লিখিও তাকে সেই চাবির কথা,
সে তো ফেরাতে চেয়েই লিখেছিল ছন্দ; আর
তুমি তাকে একটিবার লিখতে পারবে না যে,
কতদিন তুমি পড়ে আছ অব্যবহৃত— তালাবন্ধ!
…………………………
শিরোনামহীন
১
সন্ধ্যাতারা হয়ে তুমি উঠোনে এসো হে বিষাদ
আমি মাদুরে ক্লান্তি বিছিয়ে বসব দিনান্তের সুখে,
তখনও বাতাস বইবে, মাটির ভাপ যায়নি পুরো
ঝুরো হাওয়া কিশোরীর মতো উষ্ণ, লঘু-চঞ্চল;
সাপ বেরিয়েছে বুঝি দুব্বোর বনে, ত্রস্ত ব্যাঙ
দু-তিন লাফে পেরিয়ে যাচ্ছে আবহমান— আমি
দূর থেকে নিশ্চল, এ তো চেনা খুব, শিরার মতো
চোখ কাঁপে না তাই, বসে থাকি অপেক্ষমান
ওগো বিষাদ, তুমি উঠোনে এলে সন্ধ্যাতারা ফোটে
ক্লান্তি আমার ক্ষমা পায়— তুমি তো জানো
মানুষকে একদিন পেরিয়ে যেতে হয় নিজেকেও
তুমি সন্ধ্যাতার হলে তাই
আমিও দৈবাৎ দেবতা হওয়ার সুযোগ পাই।
২
নিৎসের কাছে যা ‘শোকার্ত হওয়ার শাপ’,
রবীন্দ্রনাথের কাছে কি তাই-ই ‘ব্যথার পূজা’!
একদিন মুখোমুখি চেয়ারে বসাই দুজনকে;
দু-কাপ কফি এগিয়ে দিয়ে বলি,
খোলসা করুন তো, এত তাপ সওয়া যায়!
এসব সত্যি বলেছেন আপনারা, নাকি…
হাসলেন মৃদু দুজনেই।
একটা ফাঁকা কাপে অল্প অল্প কফি ঢেলে
আমার দিকে এগিয়ে দিয়ে বললেন,
দাও চুমুক, আহরণ, এখনও ঢের সময় পড়ে
এখনও তোমার পৃথিবী হয়ে ওঠা বাকি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news