নিজস্ব সংবাদদাতা। বিদ্যুৎপৃষ্ট হয়ে মানুষের মৃত্যুর জন্য প্রশাসনের অব্যবস্থাকেই দায়ী করলেন দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউনে প্রাতঃ ভ্রমণে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জমা জলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যে ধরনের বৃষ্টি হয়েছে জল জমবে। দিনকে দিন জল বেশি জমবে। কারন ড্রেন বন্ধ পরিস্কার করা হয় না। আর যত ফাঁকা জায়গা ছিল পুকুর ছিল সেগুলো বুজিয়ে দেওয়া হয়েছে। সেগুলোতে কারা যুক্ত সবাই জানে।”
দিলীপ আরও বলেন, “সিপিআইএম আমল থেকে শুরু হয়েছিল এই ধরনের সিন্ডিকেট প্রমোটিং আর তাতে যত ফাঁকা জমি ছিল এমনকি খালের ওপরও বাড়ি হয়ে যাচ্ছে এমনকি সেই জায়গা গুলো বিক্রি করে দিচ্ছে পাট্টা দিয়ে দিচ্ছে বেআইনি ভাবে ফলে জল বেরোবারও জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই।” বিজেপির প্রাক্তন সভাপতির কথায়, “একটু বেশি বৃষ্টি হলে যেখানে ফাঁকা জায়গায় রাস্তায় সর্বত্র দাঁড়িয়ে যাচ্ছে। সরকারের কোনও দায় দায়িত্ব নেই। তাদের নেতাদের দায় নেই, অমানবিক ভাবে কথাবার্তা বলছেন। যারা এই লোহার পোস্ট দিয়েছিলেন যারা ত্রিফলা দিয়েছিলেন সেই পোস্টগুলো আজকে যমদূত হয়ে গিয়ে আমাদের কাছে। সরকারের ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া উচিত যাতে প্রাণহানি না হয়। লোককে সতর্কও করা উচিত। সঙ্গে সঙ্গে তার রাস্তাও বের করাও উচিত যাতে এইধরনের দুর্ঘটনা না ঘটে।”
নিউটাউন স্মার্ট সিটিতে এখনো অনেক আবাসনে জল জমে রয়েছে বলেও দাবি করেন দিলীপ ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news