বুদ্ধদেব হালদার
পুতুলবেলার প্রেম
(উৎসর্গ : আমার পুতুলবেলার প্রেমিকাদের)
সময়ের বিফলতায় সস্তা জীবন পুড়ে মিথ, এভাবেই রাত নামে
হারিয়ে ফেলি জরির দোকান। গহিন রঙের সিঁদুর। এসবে আর
কোনও ক্ষোভ নেই আমার। নাহ, তোমাকে কিছুই নেই বলার
বিষ বাড়লে পদ্মপাতায় তিরতিরিয়ে ওঠে ঢেউ, গলে যায় বুকের
বোতাম। আমি সপ্তডিঙা ভাসিয়ে বিছানায় ফিরি। বালিশে ডুকরে মরে
প্রিয়তম চোখ। আমরা একসঙ্গে থাকতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম
গাছে গাছে সন্ধে নামার আগেই একে অপরের কষ্ট ছুঁয়ে আলো হয়ে উঠতে,
আলো। আলোয় আমার স্বপ্ন ভাঙে। কুঁড়িতে ফোটে নীলআকাশ। আর এভাবেই
আমার একলা থাকা প্রতিটা রাতে আজও জ্বলে ওঠে
তোমার হৃদয়…
…….

এভাবেই হাত রাখো
এভাবেই হাত রাখো বুকে একান্ত গোপনে
যেন টের না পায় নদী-তীরে একা হওয়া নাভিপদ্মগাছ
এভাবেই চোখের উপর চোখ, ভ্রূপল্লবে ডুবুক
ঘুমন্ত মাস্তুল, যেন রূপকথায় জ্বলে ওঠে হলুদ
মোমবাতি রাত
তোমাতে পুড়ি বহুপথ একসাথে কন্টক গাড়ি
কমল-সম পদতল
পাখিদের রঙ ওড়ে। আঙুলে বেজে ওঠো সেতার, তুমি
দৃশ্যান্তরে পুঞ্জীভূত সিঁদুর, এভাবেই হাত রাখো বরং
একান্ত গোপনে
বুকের ঘ্রাণে ফসল ফলাও গাঢ়তর হোক আমাদের
অসুখ, যেভাবে কামরাঙা অন্ধকারে ফুটে ওঠে কুমুদ-কহ্লার
ঠোঁটের স্রোতে বয়ে যায় ঠোঁট, এভাবেই হাত রাখো বুকে
অগাধ গহিন …
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news