নিজস্ব সংবাদদাতা:
কবি আর কবিতার ভিড়। লেখক আর সাহিত্য। পাঠক ও পাঠিকা। এই সব দেখলে মনে হয় বইমেলাই আসল ‘সাহিত্য উৎসব’। যেখানে বেছে বেছে কজন কবি সাহিত্যিককে ডাকা হয়, তাঁদের কেউ যোগ্য, কেউ বা যোগ্য নয়! যেখানে উঁচুতে মাচায় কবি আর নীচে পাঠক… তা কখনই তর্কাতীত ভাবে সাহিত্য উৎসব হতে পারে না বোধ হয়। সাহিত্য উৎসব মানে লেখক ও পাঠকের আনন্দ ও দুঃখের আদানপ্রদান। হাত বদলে হৃদয়বদল। লেখক খুঁজছেন পাঠককে, পাঠক খুঁজছেন তাঁর প্রিয় বইটি। এবারের কলকাতা বইমেলাও তার ব্যতিক্রম নয়। কবিতা, গল্প, গদ্য, উপন্যাসের গন্ধে বাতাস মঁ মঁ…।

এক হাওয়াকল প্রকাশনেই (হল ২, স্টল ৬১) ভিন্ন স্বাদের একাধিক গ্রন্থের ভাঁড়ার। যেমন সমকালীন বাংলা ছোটগল্পে প্রতিষ্টিত নাম মণিরত্ন মুখোপাধ্যায়ের গল্প সংকলন ‘ঠিকানা জোড়া-মন্দিরতলা’ (৪০০ টাকা)। আলাদা করে উল্লেখ করতে হয় প্রসেনজিৎ দাশগুপের ‘সংসদনামা’র (২০০ টাকা) কথাও। এইসঙ্গে দীক্ষিত পাঠকের স্বাদ বদলের গ্রন্থ সুপ্রীতি মুখোপাধ্যায়ের ‘জন্মান্তরনামা’ (২০০ টাকা)। আপনি যদি রসিক পাঠক হন তবে আরও এক গল্পগ্রন্থের লোভে পড়বেন। বড় অন্য নাম নন্দলাল মজুমদারের— ‘গ্রামতলা জিরো মাইল’ (২০০ টাকা)। কিংবা অনন্য গদ্য সংকলন ‘বিদিশার চোখ’ (১৮০ টাকা)। লেখক সঞ্জয় সাহা। প্রকাশকের দাবি, এ বইতে পাঠক পাবেন ‘মেডিটেটিভ টেক্সট’। মেডিটেশন প্রসঙ্গ যখন এলোই তখন গৌতম বুদ্ধের কথা মনে পড়বেই। কৌতূহলী পাঠকের জন্য আছে হাওয়াকলের আয়োজন ‘এক মানব ধর্মের সন্ধানে গৌতম বুদ্ধ’ (২০০ টাকা)। লেখক অমর বন্দ্যোপাধ্যায়। যদিও ইদানিংকালে একাধিক গল্প ও গদ্যগ্রন্থ প্রকাশ করে চমকে দিচ্ছে হাওয়াকল তথাপি বইবাজারে তাদের প্রথম পরিচিতি কিন্তু কাব্যগ্রন্থের প্রকাশক হিসেবেই। বিশেষত তরুণ কবির কবিতার বই।
সে বন্দোবস্ত এবারও আছে। অর্ণব সাহার ‘নীচু গিলোটিন’ (১৮০ টাকা) রাখা আছে র্যাকে। আছে প্রশান্ত সরকারের ‘কলোনি কলকাতা’ (১৬৫ টাকা) এবং আরও অনেক রঙের কবিতার বই।

বইমেলায় পালক পাবলিশার্স হাজির হয়েছে তরুণ কবি সৈকত ঘোষের নতুন কাব্যগ্রন্থ ‘কলকাতার সেলফি’ (৯৯ টাকা) নিয়ে। সৈকতের প্রায় সমসাময়িক কবি বুদ্ধদেব হালদার যথার্থ লিখেছেন বন্ধুর কবিতা সম্পর্কে— ‘বাংলা ভাষার পাঠক সৈকতের কবিতায় বরাবরই নতুন ধরণ, নতুন শব্দ, নতুন ওয়েভ আবিষ্কার করে এসেছেন।’ বুদ্ধদেব লিখেছেন, ‘প্রায় তিন বছর ধরে কলকাতাকে নিয়ে লেখা তাঁর এই বই আবারও নতুনভাবে কবি সৈকত ঘোষকে বৃহত্তর পাঠকের কাছে চিনিয়ে দেবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।’ এইসঙ্গে মেলায় থাকছে সৈকতের ‘জিরো ওয়াটের সায়েন্স ফিকশন’ (বইতরণী, ৫০ টাকা)।
আরও একটি সুলিখিত কাব্যগ্রন্থের কথা এখানে উল্লেখ করা যায়। যেটি প্রকাশ করেছে উত্তর শিলালিপি প্রকাশনা। কবির নাম ওয়াহিদা খন্দকার। বইটির নাম ‘বিবর্ণ শ্লেটের সমীকরণ’ (১২০ টাকা)।
চার দিকে অণুগল্প চর্চার ঢেউ। বিশেষত সোশ্যাল মিডিয়া খুললেই কত কত! তার সবটাই আপনার ভালো নাও লাগতে পারে। কিন্তু একটা চেষ্টা শুরু হয়েছে। যা সদার্থক। যাকে ইন্ধন যোগাতে বইমেলায় হাজির মধুমঙ্গল বিশ্বাস সম্পাদিত অণুগল্পের সংকলন ‘অণুগল্প’ (দৌড়, ২০০ টাকা)। এই গ্রন্থে আছে অসম, ত্রিপুরা, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ৫৪ জন গল্পকারের ২১৬টি অণুগল্প।
এমনই অসংখ্য বই সঙ্গে করে বইমেলা তৈরি। তৈরি লেখক ও পাঠকের সম অধিকারের সাহিত্য উৎসব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news