তীর্থঙ্কর মৈত্র
ফিরতে অঘ্রাণে
এলোচুল সরালে কি দেখা দেবে মুখে সূর্যোদয়?
এই প্রশ্ন নিয়ে বসে, পাহাড় এল যে কল্পনায়;
তার গায়ে ঝরণার ছোট ছোট বিনুনী ঝুলছে—
অচেনা ফুলের ভ্যালি, কত পাখি, প্রজাপতি গাছে
খেলছে আগের মতো—তুমি জিপের জানলায়
আনমনা, যেন আজ দুটি চোখ অতীতে চরছে;
যেন কালো ঘোড়া দুটি, ঘাস খুঁজে কোথাও ফিরছে…
ড্রাইভার চুপচাপ— পেঁজা মেঘ উড়ে উড়ে চুলে
আলতো স্পর্শ করে, রেখে যায় ওড়নাটি খুলে—
অচেনা যুবক বুঝি তুলে নিয়ে রেখে দেবে ব্যাগে?
সাদা ওড়নায় প্রেম লেগে থাকে যুবক কি জানে?
তোমার চুলের পাশে— তোমার মুখের ঘ্রাণে
ভ্রমণ পিপাষু এলে, এলো চুল পেয়ে তাই বাগে
আমার আঙুল চায়— শরৎ সরিয়ে, ফিরতে অঘ্রাণে!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news