তন্ময় মণ্ডল:
পোশাকি
একটা পোশাকি অন্ধকারে
ডুবে যাচ্ছে আমাদের নখ থেকে নাভি,
শিরা থেকে উপশিরার গহ্বর।
কিছু মিথ্যে বারবার শুনতে শুনতে তা মিথ হয়ে উঠছে
জীবন, সম্পর্ক— যা কিছু জাগতিক
সবই গ্রাস করছে পোশাকি অভ্যাস।
আমরা টের পাচ্ছি না
কেউ বা কারা একটা কালো সমুদ্র এঁকে দিচ্ছে
আমাদের চারদিকে।
যা পেরোবার সাধ্যি আমাদের নেই।
………………………
জীবন
একটা নৃশংস অন্ধকারের ভেতর দিয়ে হেঁটে যাই রোজ
আচমকাই ঝলসে ওঠে
সাড়ে পঁচিশ ফুট ওপর থেকে খসে পড়া একটা পাখির পালক
যা আসলে পালক নয়
আমার পালক জীবন
সংসারের কথা ভাবতে ভাবতে বারবার ধাক্কা খাই স্বপ্নের দেওয়ালে
বাজারে যাই।
মাছের দাম শুনে দু’বার মানিব্যাগ উলটে দেখি
রাতে ঘড়ির কাঁটা একটা পার হলেই
অফিসের বসের মুখ মনে পড়ে
মনে পড়ে ফুটন্ত সকাল
জীবনের কাছে জীবনের অর্থ ক্রমশ ছোট হতে থাকে
তবুও ভিড় ট্রেনে উঠতে ভয় পাওয়া ছেলেটা কবে যেন ঠেলতে শিখে যায় প্রাগৈতিহাসিক বনগাঁ লোকাল
একদিন বুঝলাম, জীবন দুটো
এক জীবন দায়িত্ব বোঝে, দায়বদ্ধতা বোঝে
আরেক জীবন পালক জীবন…
……………………
তন্ময় মণ্ডলের জন্ম উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে। পদার্থবিদ্যার ছাত্র হলেও, সাহিত্যের প্রতি নাড়ির টান। একাধিকবার পেশা বদলেছেন। তারপর দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। বর্তমানে একটি সর্বভারতীয় মিডিয়ায় কর্মরত। প্রকাশিত কাব্যগ্রন্থ: মৃত্যুকে খোলা চিঠি (২০১৬, কলকাতা বইমেলা), শীতঘুমে ১২ দিন (২০১৯, কলকাতা বইমেলা), পালক জীবন (২০১৯, বাংলাদেশের একুশে বইমেলা)। সম্পাদিত গ্রন্থ: এপার বাংলা ওপার বাংলা (দুই বাংলার গল্প নিয়ে গল্প সংকলন, ২০১৩), অ আ ক খ ভাষার কবিতা সংকলন (মাতৃভাষা বিষয়ক কবিতা সংকলন, ২০১৫)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news