তন্ময় কোলে
গেম
সরোজ অভীকের ছেলেবেলার, মানে সেই স্কুলবেলার বন্ধু। এখন চাকরি সূত্রে কানাডা থাকে। সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আজ সরোজ কয়েক বছর পর বন্ধু অভীকের বাড়ি এসেছে।
—কত বছর পর আসলি বল তো? চায়ে চুমুক দিতে দিতে অভীক প্রশ্ন করে।
—তোদের বাড়ি এসেছি লাস্ট তোর বৌভাতের অনুষ্ঠানে। ছ’ বছর হয়ে গেল । তোর ছেলে কোথায় গেল। অনেক গল্প শুনেছি, আলাপ করা।
—শৌনক… শৌনক। কয়েক বার ডাক দিতে শৌনক এসে দাঁড়াল অভীকের সামনে।
—চিনতে পারছিস ইনি কে? সরোজ কাকু, যার গল্প তোকে প্রায়ই শোনাই। কানাডায় থাকেন যিনি।
—তুমি দাঁড়িয়ে আছ কেনো বসো। সরোজের কথা শুনে সোফায় বসলো শৌনক। শুনেছি তুমি নাকি খুব ভাল গেম খেলো। কী গেম খেলো?
—সব গেমই খেলি। তবে এখন পাবজি বেশি খেলি।
—আমাদের সময়ে এইসব গেম ছিল না। এখন আরও কত ধরনের খেলা জন্মেছে। তবে খেলা কিন্তু একটাই ফুটবল। খেলার রাজা যাকে বলে। পারো তো খেলতে?
—হ্যাঁ হ্যাঁ, ফুটবলও তো খেলি।
—সবোর্চ্চ কতজনকে পাশ কাটিয়ে গোল করেছ।
—ছ’সাত জনকে প্রায়ই করি।
—বাহ্, তাহলে তো তুমি বেশ ভাল খেলো। খেলবে আমার সাথে?
—অসুবিধা নেই। আমি ঘর থেকে আমার ফোনটা আনি।
—ঘরে যেতে হবে না। পাড়ার মাঠে চলো?
—ফোনটা না হলে ভালো খেলতে পারি না।
—খেলার সাথে ফোনের কী সম্পর্ক?
—আমি তো ফোনেই খেলি।
—মাঠে খেলো না?
—না মাঠে তো যাই না।
—অভীক তুই তো ভালো ফুটবলার ছিলিস, ছেলেকে মাঠে যেতে দিস না?
—মাঠে যাবার সময়ই থাকে না। স্কুল, টিউশন পড়ে আর…।
অভিক বাড়ি যাবার সময় দেখে মাঠ একই আছে। একই আছে দুই দিকে গোলের বার। শুধু মাঠে এখন আর খেলার কেউ নেই, কিছু গরু আর ছাগল ঘাস খাচ্ছে। গাড়ি থেকে শৌনকের জন্য আনা বলটা মাঠে ছুঁড়ে দিল অভিক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news