Breaking News
Home / সান-ডে ক্যাফে / রবিবারের কবিতা 

রবিবারের কবিতা 

 সতীন্দ্র অধিকারী

 

মস্তান   

 

আমার পাশের বাড়ির মেয়েটি অবিকল

তোমার মতো হয়ে উঠছে অঞ্জু!

নাটকের রির্হাসালে তাকে ধমকালে

হুবুহু তোমারই মতো হেসে ওঠে এখন

 

তখন আর তাকে বকতে পারি না!

শামুকের ভিতর যেভাবে ভেসে বেড়ায় মাংসপেশী

আমি দৃশ্যের ভিতর

খুঁজে বেড়াই আরেকটা কমেডি-দৃশ্য…

 

অভিনেত্রী হওয়ার শখ কখনই ছিল না তোমার

চেয়েছিলে এল এল বি…

পারিনি।

কোনো কিছুই করে উঠতে পারিনি আমি

 

একা একা কবেকার ভেসে মুখশুদ্ধি ঠাকুর দালানের রাত

এখন পুতুল খেলার মতো জড়ো করি মনখারাপ

মাঝে মাঝে ভয় হয় খুব!

ভীষণ রকম শঙ্খধ্বনি…  গাঁয়ের উঠান

তুমি যে দিগন্ত দেখিয়েছিলে একদিন বাড়িয়ে আঙুল

রোদ বৃষ্টি

তার নীচে এখন শুয়ে আছি আমি ও আমার শরীর

 

সায়েন্স সিটির সামনে ভেঙে পড়া দীঘার জলচ্ছাস

আর জিওগ্রাফি স্যারের ক্যামেরায় ফুটে ওঠা

ছবির ভিতর আনমনে তাকিয়ে ছিলে কোথাও

এত যে বিষন্নতা

এর আগে কখনো দেখিনি আমি।

তোমাদের ছবির মধ্যে আমি একজোড়া

মনিকর্ণিকা দেখেছিলাম।

দেখেছিলাম বল্লারী ও সুগন্ধের আছড়ে পড়া বাংলা

 

বিশ্বাস করো ভারতবর্ষের আকাশে যত তারা আমি

ততবার চুমু খেয়েছি তোমাকে…

অথচ দ্যাখো এখন সন্ধে হলেই কলতলায়

যেতে একলা ভয় পাই আমি

মনে হয়  যেন একটা অম্বলে পায়খানার ভিতর

কে যেন রগড়ে দিচ্ছে আমার মুখ।

আর আমি বেমালুম ভুলে যাচ্ছি বমি করার কথা!

আষ্টেপৃষ্ঠে চুমু

আরও আরও চুমু খাই!

 

জানি।

আমার মৃত্যুর জন্য দায়ী করে যাব না কাউকে।

দৃশ্যের ভিতর

আবারও একটা কমেডি-দৃশ্য…

যেখানে হেসে উঠবে সবাই

বাকিটা আমারই মতো কোনো লোফার সন্তান

যেদিন মস্তান হয়ে উঠবে তোমাদের পাড়ায়!

 

 

Spread the love

Check Also

প্রশাসনের নির্দেশ অমান্য করে বিয়ে, করোনায় মৃত্যু হল বরের দাদার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: করোনা পরিস্থিতির মধ্যে বড় জমায়েত করে আচার-অনুষ্ঠান করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের। …

গুণমান খারাপ বুলেট প্রুফ জ্যাকেটের, চিনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন …

শান্ত প্যানগং বিগত ৫০ বছর ধরে কেন ভারত-চিন সীমান্ত উত্তেজনার বড় কারন? জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো: ভারত ও চীনের সেনার মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ফলে ফের উত্তপ্ত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *