সৈকত ঘোষ:
ঠিক যেভাবে ডাকটিকিট ছাড়াই মুগ্ধতা এসেছে পৃথিবীতে, যেভাবে আঙুল মেপে নেয় জলচিহ্ন—এও এক আশ্চর্যমোচন… বৃষ্টির শরীরে কবিতা, কবিতার শরীরে বৃষ্টি।
আসলে সেই চেনা পরিচিত অ্যালবামটায় ধুলো পড়েছে। ভিড় জ্যাম ধোঁয়া শহর থেকে হারিয়ে গেছে বারিস বিকেল। এই পুরো ঘটনাটা নিয়ে আইটেম সঙ তৈরি হয়েছে, রঙ্গাবতী চকোলেট ছড়িয়েছে পুজোর খুঁটি নেড়ে। স্ক্রিপ্ট অনুযায়ী এর পর যা যা হতে পারতো সবই হয়েছে। উষ্ণতা বুনেছে বিজ্ঞাপনি সোয়েটার, সহজপাঠে চাঁদ এঁকেছেন সান্তাক্লজ, হারিয়ে যাওয়া পাখিদের বাসায় বেজে উঠেছে জোনাকির রিংটোন।
এরপর একদিন ঈশ্বর পূর্বাভাস দিলেন। ডিজিটাল পৃথিবীতে নাকি ডিজিটাল বৃষ্টি আসবে। চড়চড় করে বাড়ল ভগবানের টিআরপি। রেন মেশিনের সামনে স্বয়ং রবীন্দ্রনাথ হয়ে উঠলেন শাহরুখ খান। দেয়ালে দেয়ালে চর্চা জমে উঠল, মুখবই হয়ে উঠল অতিলৌকিক সিলেবাস পাঠ। সে রাতের পর থেকে অনেক কিছুই দেখল বাংলার জনগণ। এত কিছুর আফটার এফেক্ট কবিতা ভুলে গেল মনোনয়ন পত্র জমা দিতে। অনশন শুরু হল। মৃত্যু মিছিলে হাঁটলেন বেপরোয়া বৃষ্টিকাপ। সেদিন ধর্নামঞ্চে বৃষ্টি এল। ওদিকে ঈশ্বর বিধান দিলেন। কবিতার শরীর থেকে মায়াটুকু খুলে নিল শূন্যের কোরিওগ্রাফ। এ এক অদ্ভুত টাসল। বিলুপ্ত গন্ধের মতো, মুঠো থেকে মনে ঘুরঘুর করা এমএমএস। ঠিক হল আর কেউ বৃষ্টির গান গাইতে পারবে না। পাখিরা হয়ে উঠবে পাওলি দাম।
ঠিক পরের দিন সরকারি স্কুলের ছবি। ক্লাস ফাইভের ছেলেটা গালে হাত দিয়ে বসে। বৃষ্টির রচনায় সমস্তটা জুড়ে জেগে আছে কেবল মিউজিয়াম। এর পরেও তুমি প্রেমিক! এর পরেও মিলিয়ান ডলারে বিক্রি হবে নার্গিস-রাজ কাপুর! তুমি কি জানো প্রেমের উপনিষদ কতটা দুয়ার ভেঙেছে? কতটা বৃষ্টিতে ভিজলে প্রেমের শরীর থেকে ধুয়ে যায় অভিমান? যাও পথিকবর তোমার জন্য বিজলি অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে নাও তারপর মিল ব্যয়ঠেঙগে তিন ইয়ার। একটা জমাটি উইকেন্ড প্ল্যান হতে পারে। দুখজাগানিয়া শহরে মোটা টাকায় বিক্রি করব কর্পোরেট মেঘ কিংবা সস্তার রেস্তোরাঁয় নীল বিষাদ। একটা সেমিনার আয়োজন করতে পারো। ব্যারিটোন গলায়—আমরা বুঝতে পারছি কাকদ্বীপ থেকে কফিহাউজে কীভাবে লুপ্ত হচ্ছে প্রেমের কবিতা। কীভাবে চোখের জল, ছেঁড়া শার্টের বোতাম বুকপকেটে জমিয়ে রাখছে আল্ট্রাসনিক প্রেম।
হারিয়ে যাওয়া অনুরোধের আসর জানে, ক্লাস ফাইভের ওই বাচ্চাটাও জানে, এরপর আমাদের প্রেমে আর বৃষ্টি থাকবে না। অপেক্ষা জুড়ে মেঘ করবে না আর কখনও। সমস্ত সেভিংস আর এলআইসি প্রিমিয়ামের পর উদ্বৃত্ত সবটুকু অনুবাদ হবে গুগলে। হাঁটু ছেঁড়া জিনস আর ডার্ক লিপস্টিকে পোজ দিয়ে দাঁড়াবে বৃষ্টি। বৃষ্টি অসুখ নয়, ফ্যান্টাসির নাম…।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news