প্রবীর চক্রবর্তী
ঋ
আলতো করে তোকে ধরলে যেন মনে হয় ব্রহ্মাণ্ড ধরেছি
হাতে,
অথবা গ্রিক পুরাণের সেই ভোর
চারপাশে পবিত্র পবিত্র আলো-
আমার খাটো শরীরের মেদ থেকে ঘাম চুঁইয়ে পড়ে,
আবোল-তাবোল শব্দ শিখি প্রতিদিন,
প্রতিদিন অফিস ফেরত লোকাল ট্রেন!
অপেক্ষারা হেসে ওঠে-
এই সময়টুকু আমার ঘোড়া হতে ভালো লাগে,
নদী-পাহাড় ডিঙিয়ে তোর চোখ এগিয়ে যায়
টগবগ- টগবগ- টগবগ…
……………
ছোটবেলার কবিতা
আমার নৌকোর গায়ে বর্ষা এসে লাগে
মাঝরাতে,
জলপতনের মতো তারা খসে পড়ে।
দিগন্তে তখন আমার অভাবী বাবা
রাত্রির পর রাত্রি- রাত্রির পর রাত্রি পেরিয়ে
ঈষৎ ক্লান্ত
তাঁর মন্থরতায় তখন বিসমিল্লা…
কে যেন পাশের বাড়িতে নৌকাবিলাস লেখে
আমার স্বপ্নে দেখা সেই রঙিন পাল
হাওয়া
হাওয়া
হাওয়ায় হাওয়ায় তুমি কি জেগে আছ স্বপ্নচোর?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news