নিমফুল ১৫
জোস্নায় চাঁদের লাশ
ভেসে আছে পুকুলের জলে
থাকবো না এ অসহ্যে
চলে যাবো নক্ষত্রমন্ডলে
নিমফুল ১৬
আমার ও আলেয়ার শয্যা এক, গ্যালাক্সি আলাদা।
আমাদের একটাই দূরবিনে থাকে
দুটি ধ্রুবতারা।
নিমফুল ১৭
পাথর গড়াতে চায়, গড়াতে পারছে না।
শিকড়েরা আঁকড়ে রয়েছে…
ঘিরে আছে ঘাসশিশু, ব্যাকুল লতাটি।
নিমফুল ২২
লোডশেডিংয়ে মুছে গিয়ে
আমি ও ঈশ্বর নিরাকার
নিমফুল ২৪
শব্দ ব্রহ্ম, তাহলে খিস্তিও ব্রহ্ম হন।
খিস্তিব্রহ্ম আমার বকেয়া।
পেতে হবে তাঁকে…
নিমফুল ২৭
কেবলই ফুলের নাম ভুল করে ফেলি
সোমা ঘোষ ডেকে ফেলি রজনিগন্ধাকে
নিমফুল ২৮
শব্দবোধে কোঁচবক কমকিছু আমিও মারিনি…
ঠিক আছে প্রতিষ্ঠা-বঞ্চনা
নিমফুল ৩৬
শুক্তো খাবো, লাউচিংড়ি খাবো
পায়েস এনোছো? দাও, খাবো
সুজাতা গো, তোমাকে খাব না।
নিমফুল ৩৯
কালীর ত্রিনেত্রে তিন শূন্যমণি হয়ে
তাকিয়ে রয়েছি অন্ধ আমার দিকেই
নিমফুল ৪৩
‘আমাকে নাও, আমাকে নাও’
ব’লে নদীর কাছে
শিশুর মতো হাত বাড়িয়ে
গাছটি ঝুঁকে আছে

কমলেশ পাল প্রচারের আড়ালে থাকা সমৃদ্ধ কবি। গত শতাব্দীর তিনের দশকে জন্ম। কবিতা লিখতে শুরু করেন বেশি বয়সে। আটের দশক থেকে পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ পেতে থাকে তাঁর কবিতা। এইসঙ্গে প্রকাশিত হয় একাধিক কাব্যগ্রন্থ। খ্যাতির আলো থেকে স্বেচ্ছায় সন্ন্যাস নেওয়া এই কবির কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম ‘সেই মুখ সেই আর্তনাদ’, ‘অবিরাম রক্তের প্রপাত’, ‘ডানায় আকাশ’, ‘নির্বাচিত কবিতা সমগ্র’, ‘পাঁজর পুরাণ’। সম্প্রতি ইতিকথা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে কমলেশ পালের ‘কবিতা সংগ্রহ’। আসন্ন প্রকাশ ‘নিমফুল’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news