Breaking News
Home / TRENDING / মেট্রো রেলের হাসপাতাল বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ

মেট্রো রেলের হাসপাতাল বেসরকারীকরণের বিরুদ্ধে প্রতিবাদ

সূর্য সরকার।

এবার মেট্রো রেল হাসপাতালকে বেসরকারিকরণের পথে কেন্দ্র ! মেট্রো রেলের কর্মীদের চিকিৎসা পরিষেবার সুবিধার জন্য টালিগঞ্জের মেট্রো রেলের একটি ক্লিনিককে হাসপাতালে উন্নীত করেছিলেন প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেলমন্ত্রী থাকার সময় প্রথমে ৩০ শয্যার হাসপাতালে উন্নীত করেছিলেন। পরে শয্যা সংখ্যা বাড়িয়ে ৭৫ করার প্রস্তাব রেখেছিলেন রেল বাজেটে। বর্তমানে এই হাসপাতাল বেসরকারিকরণের পথে হাঁটছে রেল। কোনও এক স্বেচ্ছাসেবী সংস্থার হাতে দেখভালের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বলে খবর।

এই অভিযোগকে সামনে রেখে শুক্রবার এই হাসপাতালের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে মেট্রোরেল ওয়ার্কাস কংগ্রেস। সংগঠনের সাধারণ সম্পাদক তাপস মুখোপাধ্যায় ও প্রগতিশীল শ্রমিক ইউনিয়নের সভাপতি মদন মিত্র এদিনের বিক্ষোভে সামিল হন। টালিগঞ্জের এই হাসপাতালের নামকরণ হয়েছে তপন সিংহ মেমোরিয়াল হাসপাতাল। মেট্রোরেলে প্রায় সাড়ে তিন হাজার কর্মী কর্মরত। তাঁদের চিকিৎসা পরিষেবা এই হাসপাতাল থেকে পাওয়ার কথা। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ, বর্তমানে হাসপাতাল থেকে সিংহভাগ রোগীকে বিআরসিং-এ কিংবা হাওড়াতে রেলের হাসপাতাল রয়েছে, সেখানে রেফার করে দেওয়া হচ্ছে।

মেট্রোরেল ওয়ার্কাস কংগ্রেসের অভিযোগ রেল কর্তৃপক্ষের একাংশের মধ্যে এই হাসপাতালকে সঠিকভাবে চালানোর মানসিকতা নেই। ল্যাপরোস্কোপি মেশিন কেনা হয়েছিল ৪০ লক্ষ টাকারও বেশি দামে। কিন্তু সেই মেশিন পাঠিয়ে দেওয়া হয়েছে বিআরসিং-এ। হাসপাতালের পুরোটাই এসি। কিন্তু এখনও পর্যন্ত বেশ কয়েকটি ফ্লোরে এসি চলছে, কিন্তু কোনও কাজ হচ্ছে না, ফাঁকা পড়ে রয়েছে। এই হাসপাতালে এক কর্মচারী তিনি বড়সড় জায়গা নিয়ে বসে আছেন বলে অভিযোগ। কেন তাঁর জন্য এত জায়গা বরাদ্দ তার সদুত্তর মেলেনি। অসংখ্য অনিয়ম রয়েছে এই হাসপাতাল জুড়ে। প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না মেট্রো রেলের কর্মীরা। যে লক্ষ্যকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতাল তৈরি করেছিলেন, মোদির আমলে সেই হাসপাতালের অস্বিত্ব এখন সঙ্কটে বলেই অভিযোগ ইউনিয়নের।

হাসপাতাল প্রসঙ্গে মেট্রো রেল ওয়ার্কাস কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস মুখোপাধ্যায় বলেন, ” ইউনিয়নের দায়িত্ব নিয়ে যে কাজ করার কথা ছিল, ইউনিয়ন সেই দায়িত্ব পালন না করায় মাঠে নামতে বাধ্য হচ্ছি। কারণ কর্মচারীদের স্বার্থ দেখাটাই অন্যতম কর্তব্য বলে মনে করি। কর্মী এবং তাঁর পরিবারের লোকেরা ভালো চিকিৎসা না পেলে তাঁদের ওপর মানসিক চাপ বাড়ে।” এদিনের সভায় হাজির ছিলেন মেট্রো রেল ওয়ার্কাস কংগ্রেসের নেত্রী মল্লিকা মুখোপাধ্যায়, ওয়ার্কিং কমিটির নেতা কিশোর দাস, প্রদীপ দে, রঞ্জিত শীল, প্রগতিশীল শ্রমিক ইউনিয়নের পক্ষে সমীর বেরা, মৃনাল আইচ, শুভাশিস সেনগুপ্ত, স্নেহাশীষ মুখোপাধ্যায় ও মেট্রো রেল ওয়ার্কাস কংগ্রেসের মুখপাত্র রঞ্জিত দে প্রমূখ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *