
কৃষ্ণেন্দু দাস
আকাঙ্খা
তোমাকে বড় দেখতে ইচ্ছে হয়
বড় দেখতে ইচ্ছে হয় তোমাকে …
নদীর দিকে তাকাই
মেঘের দিকে তাকাই
রৌদ্রের দিকে তাকাই
সূর্যাস্তে, সূর্যোদয়ে, প্রেমে, বসন্তে
কুয়াশায়, অন্ধকারে
পাতার মর্মরে
সমস্ত আকাঙ্খায়…
একসময় দীর্ঘ— ছায়া নেমে আসে
শস্যখেতে, প্রান্তরে, অরণ্যে
জানলার গরাদে হাত রাখি, দেখি
আগুনের জ্যোৎস্নায়
দাঁড়িয়ে আছো তুমি
আকাশে তখন ধূলি ঝড়…
…………………
ডাইনিং টেবিল
কাঠের টেবিল … মা ডেকে বলত খেতে আয়…
কত আদরে জমে যেত, ওই খাবার টেবিলটায়
বাবা গাইতেন…দাদা তবলায়
ছোট ভাই আমার শোনাত রাইমস
মা তখন কবিতায়…
মা নেই, বাবাও…ছোট ভাই আমার বেনারস থাকে
দাদা আমেরিকা…
এখন আমাদের শখের টেবিল
ছাদ-ঘরে একা,
একা…
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news