Breaking News
Home / TRENDING / কবিতার রবিবার ৩

কবিতার রবিবার ৩

বুদ্ধদেব হালদার

বিডন স্ট্রিটের প্রেম

আমাকে কেন্দ্র করে অ্যালার্ম বেজে ওঠে

হেসে ওঠে প্যাভলভের কুকুর, রঙিন

পুতুলের শহরে আমি এক মাংসল

অনুভূতি। আমাকে ঠিকঠাক টুকে নেয়

এক দিস্তের একটা মেয়ে, যতটা নিঃসঙ্গ হলে

স্বেচ্ছামৃত্যু জাগে। তারও চেয়ে একা হওয়া

দু’ তিনটে আঙুল

আমাকে বাঁচতে শেখায়। এভাবেই

পায়ে পায়ে জ্যোৎস্না প্রান্তর, রূপসী ন্যাপথোলিন

 

ঘোড়াদের ফন্দির ভিতর আমি জেগে উঠি আবার

গোপন ফাতনায় ঘাই মারে অকেজো হৃদয়, তোমার

যাবতীয় শ্বেতশুভ্র ফ্রেম আদিগন্ত উথালপাথাল

নিমেষেই ভরে রাখি তৃষাতুর ইউরেথ্রায়

বিডন স্ট্রিটের প্রেম। এক চিলতে ঘরে অস্ত গোধূলির দেশ

চিঠি আসে বিষণ্ণতম দিনে, দূরবিনে ডুবে যায় বাহান্ন মাস্তুল

ডুগডুগির তালে বেজে ওঠা তোমার খানকি হৃদয়

আমার দ্বিভাষিক বিছানায় আজ মায়াবী অতীত

‘কী ক’রে একটি চোর সাতজন প্রেমিককে করেছিল খুন’

এইসব শোকচিহ্নে অকারণে পাখি ডেকে ওঠে, বেড়ে যায়

সংক্রমণ। আমিও,

বেদনাহত মাছি। শেষমেশ পাণ্ডুলিপিতে মুখোমুখি হয়

প্রাগৈতিহাসিক বাঘ ও

গল্পের রাখাল ..

………………………..

বইমেলার গল্প

এবারের বইমেলায় আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হইয়াছে। আমি সিওর সে বই আপনি পড়বেন না

কারণ, কবিতা-টবিতা আপনার পোষায় না, তার চাইতে এক টুকরো রুচিশীল ঘুমের ভেতর আপনি

জিভ ঠেকাতে পারেন সেফ্‌লি। তবে, চুপি চুপি কিছু কথা বলে রাখি আপনাকে, এই যেমন আমার এ

বইয়ের মধ্যবিত্ত জন্ম-ইতিহাস। রূপবতী ট্রামের গন্ধে যখন জ্বলে ওঠে এ শহরের উৎসব, শতাব্দী শেষের নক্ষত্রকে চ্যালেঞ্জ জানিয়ে বইমেলার ধুলোয় তখন গুঁড়ো হয় আমার দুটো চোখ। আমি খুঁটিতে হেলান দিয়ে

দাঁড়িয়ে থাকি যুগের পর যুগ। সারাদিন ধরে বৃষ্টি হয় প্রচুর। নাকছাবিতে শুকিয়ে যায় অন্ধকারের ভ্রূণ

মাইকে ভেসে আসে মুখ্যমন্ত্রীর কবিতা পাঠ, পুরস্কারের হুইসেল …

হ্রদের দিকে গড়িয়ে আসে বিক্রি হওয়া লিপস্টিকের কামড়। দু’ একটা গর্ভবতী মথ

আমার মনে পড়ে যায়, ছোটো পিসির বার্ধক্য ভাতা থেকে পাওয়া টাকা জমিয়ে জমিয়ে তিনি আমায় এ বই ছাপাবার খরচ জুগিয়েছিলেন নিতান্ত গোপনে। অথচ, উত্তরপাড়া সরকারি স্বাস্থ্যকেন্দ্রে রাখা তার মৃতদেহের পাশে জ্বলে ওঠেনি কোনও সুদৃশ্য প্যারাফিন লন্ঠন, তার শোকে ওড়ানো হয়নি কবিদের নিপ্‌ কাটা বলপেন। বইমেলার উৎসবে আমি ধুলো হই যুগের পর যুগ। আমার কবিতার বিষ ছড়িয়ে পড়ে কলোসিয়াম টু সোনাগাছির ২৫-এ বৈশাখ। ভিনগ্রহের জাহাজ এসে ভেড়ে হিজলের বনে, সেখানে নেই কোনও প্ল্যাটফর্ম, নেই মান্যবর ইলেকশন বেঞ্চ। আমি একটা বিরাট ঘুমের বাজারে দেখি বইমেলার হুল্লোড়

বাংলা সাহিত্য কুশল বিনিময় করে, শিস্‌ বাজায়, দু’পা ফাঁক করে দাঁড়িয়ে থাকে রঙ বেরঙের আলোয়।

তরুণ কবির বই কেউ খুলেও দ্যাখে না …

 

তরুণ কবির বই বেরোয় বইমেলায় প্রতিবছর।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *