চ্যানেল হিন্দুস্থান ডেস্ক:
রাজ্যজুড়ে বেজে গেল পঞ্চায়েত নির্বাচনের দামামা। প্রায় দু’ দশক পর এবার পাহাড়েও হতে চলেছে এই নির্বাচন। আগামী ৮ জুলাই সারা রাজ্যের সঙ্গে পাহাড়েও নির্বাচন হবে। গোটা পাহাড়বাসী অপেক্ষায় ছিল এই ঘোষণার জন্য। কারণ, পঞ্চায়েত না থাকায় উন্নয়নের কাজ আটকে গিয়েছিল দীর্ঘদিন।
এবার এই সমস্যার সমাধান হবে। তবে রাজ্যজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হলেও পাহাড়ে কিন্তু দ্বিস্তরীয় নির্বাচন হবে। এদিকে রাজ্য সরকার পাহাড়ে নির্বাচন করানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক দলগুলো।শেষবার পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০০১ সালে।

তারপর থেকে এখনও পর্যন্ত পাহাড়ে নানা ঘটনা ঘটে গেলেও পঞ্চায়েত নির্বাচন হয়নি। এর মাঝে রাজ্যে পরিবর্তনও চলে আসে। কিন্তু পাহাড় ছিল সেই তিমিরেই। এবার রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়, সারা রাজ্যের সঙ্গে পাহাড়েও নির্বাচন করা হবে। সেইমতই বৃহস্পতিবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সময় রাজ্যের নির্বাচন কমিশন রাজীব সিনহা স্পষ্ট জানিয়ে দিলেন, এবার দার্জিলিং ও কালিম্পং জেলাতেও নির্বাচন হবে।
স্বভাবতই রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । দলের পক্ষে মুখপাত্র শক্তিপ্রসাদ শর্মা বলেন, “আমরা নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুত রয়েছি। রাজ্য সরকারকে ধন্যবাদ তারা এই সিদ্ধান্ত নেওয়ায়। এবার পাহাড়ের আরও উন্নয়ন হবে।” এদিকে নির্বাচনের জন্য তৈরি রয়েছে গোর্খা জনমুক্তি মোর্চাও । দলের সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমরা চেয়েছিলাম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তা না হলেও দ্বিস্তরীয় নির্বাচনেও আমরা অংশ নেব। তবে একা নয়, জোট করে লড়ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news