সৈকত ঘোষ
ফারিস্তা
চৌকাঠে মৃত্যু এসে দাঁড়ালে
তুমি কি অস্থির হবে না?
চোখ ছলছল করবে না,
ভেসে উঠবে না প্রিয় মানুষের মুখ?
ফুলের কোনও ধর্ম নেই, শিশুর কোনও ধর্ম নেই
অসহায় মানুষের কোনও ধর্ম নেই রাজনীতি নেই
কার ওপর অভিমান করবে তুমি!
পতনের আগে এরকমটা হয়,
হিটলার সাদ্দাম নেপোলিয়ান এমনকী বুদ্ধবাবুরও হয়েছিল
মানুষ জবাব দিয়েছে, মানুষ জবাব দেবে
মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ
তুমি তো ফারিস্তা,
তোমার হাতে জিওন কাঠি
ভিলেন নয় তোমাকে হিরোর রোলেই মানায়
……………
রাষ্ট্রবিপ্লব
শব্দেরা জোনাকির মতো, ছুঁয়ে থাকতে থাকতে
একসময় আলো ফুটে উঠবে
আর আমরা চেনা মুগ্ধতায় একে অন্যের
অন্ধকার পড়ে নেবো
তারপর সারারাত কিছু একটা হবে
পরবর্তী কিছু একটার অপেক্ষায় কাটিয়ে দেবো বাকি সারাটা দিন
দীর্ঘ বৃষ্টির পর নিভে যাবে গোটা শহর
গো আজ ইউ লাইক-এ পাহাড় সাজবে সমুদ্র
সমুদ্র সাজবে পাহাড়
আর তুমি সাদা পাতা জুড়ে বিছিয়ে দেবে
হাইওয়ের পাটিগণিত
আসলে রাতের চাদরে যতটা ঘুম থাকে
ততটাই অমীমাংসিত রাষ্ট্রবিপ্লব
সঙ্গের ছবি: ‘দ্য মাইগ্রেশন সিরিজ’, শিল্পী: জেকব লরেন্স।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news