নিমফুল ১
পাখি উড়ে গেছে।
বুকের উপরে তার একটি পালক
শুয়ে আছে সন্ধ্যার মতন।
নিমফুল ৩
চাঁদনিতে
নিজেরই ছায়াকে
জড়িয়ে জাপটে পড়ে আছি…
আহা রাস
নিমফুল ৪
সিবিচে একাকী সারারাত…
নিজেকে উজাড় করে পান ক’রে চলি।
সমুদ্র নিঃশেষ হয়ে যায়…
নিমফুল ৫
ঈষৎ রিরংসা ছাড়া পানসে মতন লাগে প্রেম।
ছ’চামচ শরীর মাখিয়ে
ভালোবাসা লুচি করে দাও।
নিমফুল ৭
ঘুড়িকে ভোকাট্টা দিয়ে চলে যাচ্ছি আমি…
আকাশে আয়ত-ছায়া কার?
নিমফুল ৮
যে পারে সে এইভাবে পারে
নিজেকে উজাড়-খুলে হাজার দুয়ারে
উড়াল-পুলের থেকে ঝাঁপ দিয়ে
উড়ে যেতে পারে
নিমফুল ৯
ভালোবাসা! সোনার ছিল কি?
নাকি মেকি পেতল-ঢালাই—
গির্জার ঘন্টার মতো অভ্যাসে বেজেছ।
নিমফুল ১১
শুনশান বাসস্টপে একটি গোলাপ
পড়ে আছে ঈষৎ সুবাস নিয়ে… কার?
নিমফুল ১২
এক-বাক্স শিহরন পাঠানো গেল না
ছোটো করে খামে ভরে অগত্যা নিজেকে পাঠালাম।
যতনে খুলিও
নিমফুল ১৩
রিঙটোন ভালো লাগে কথার চেয়েও
ভালোবাসা, মাঝে মাঝে মিসকল দিও

কমলেশ পাল প্রচারের আড়ালে থাকা সমৃদ্ধ কবি। গত শতাব্দীর তিনের দশকে জন্ম। কবিতা লিখতে শুরু করেন বেশি বয়সে। আটের দশক থেকে পত্রপত্রিকায় নিয়মিত প্রকাশ পেতে থাকে তাঁর কবিতা। এইসঙ্গে প্রকাশিত হয় একাধিক কাব্যগ্রন্থ। খ্যাতির আলো থেকে স্বেচ্ছায় সন্ন্যাস নেওয়া এই কবির কাব্যগ্রন্থগুলির মধ্যে অন্যতম ‘সেই মুখ সেই আর্তনাদ’, ‘অবিরাম রক্তের প্রপাত’, ‘ডানায় আকাশ’, ‘নির্বাচিত কবিতা সমগ্র’, ‘পাঁজর পুরাণ’। সম্প্রতি ইতিকথা পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে কমলেশ পালের ‘কবিতা সংগ্রহ’। আসন্ন প্রকাশ ‘নিমফুল’।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news