শাশ্বত কর:
বাইশে শ্রাবণ
চাপা কান্না ফুটেছে চাঁপার গায়ে
দুটো চারটে মাছ জলের আকাশ থেকে
হাওয়ার আকাশে ঠোঁট পাতলো
ধুলোর দেশ আলগোছে চাপা পড়েছে শুভ্র টেবিল ক্লথে
জানলায় বৃষ্টি ভেজা ঝাপসা আলো
ঝাপসা আলোয় একটা পথ থাকে
পথ ধরে আনাগোনা চলে চেনা অচেনায়:
অলিতে গলিতে মুখ, অজস্র অবয়ব
সময়ের নাম লেখা কাগজ ধরে থাকে।
কেবল একজনের হাতে এক বাঁশি,
রাখালিয়া সুর খেলছে মাথার চারপাশে!
ইশারায় দাঁড়াতে বললেন!
সুর সাগরে মেঘ নেই। শান্ত সমাহিত।
কারা যে এমন দিনে হাততালি দেয়!
শব্দ ব্রহ্মে উড়ে যায় মেঘ-পায়রাদল,
দেখেও কি দেখে না!
সৌম্য বাঁশিওয়ালা হেসে বললেন:
আজ যে বাইশে শ্রাবণ!
সারাদিন অফুরান বৃষ্টি হবে আজ!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news