চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক-
দেশে নয়া ভ্যারিয়েন্টের প্রভাবেই ফের বাড়ছে করোনা ভাইরাস। দেশজুড়ে নতুন করে মারণ ভাইরাসের যে মাথা তুলে দাঁড়াচ্ছে তা জানিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এদিকে দেশের দৈনিক কোভিড আক্রান্ত বাড়তে বাড়তে মোট ১১ হাজারে টপকে গিয়েছে, যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় হাজারখানেক বেশি।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১১ হাজার ১০৯ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১০ হাজারের সামান্য বেশি। একদিনে দৈনিক আক্রান্ত বেড়েছে ৯ শতাংশ। তার থেকেও সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল, দেশের দৈনিক পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ শতাংশের কাছাকাছি। সাপ্তাহিক পজিটিভিটি রেটও বেড়ে ৪ শতাংশ পেরিয়েছে। দেশে সক্রিয় রোগীর সংখ্যাও প্রতিদিন একটু একটু করে বাড়ছে। বর্তমানে অ্যাকটিভ রোগীর সংখ্যা ৪৯ হাজার ৬২২।
গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে মোট ২০ জনের। ফলে দেশের মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৬৪। সুস্থতার হারও সামান্য হলেও নিম্নমুখী। বর্তমানে সুস্থতার হার ৯৮.৭০ শতাংশ। কিছুদিন আগেই এই হার ৯৯ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মহারাষ্ট্র এবং দিল্লির পরিসংখ্যান বেশ উদ্বেগজনক, এই দুই রাজ্যেই দৈনিক আক্রান্ত হাজারের বেশি, বাড়ছে উত্তরপ্রদেশেও সংক্রমণ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news