চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
গ্রেফতার হওয়ার ২৪ ঘন্টার মধ্যে এনকাউন্টারে মৃত্যু হল গ্যাংস্টার বিকাশ দুবের। তবে এই এনকাউন্টারে মৃত্যুর ঘটনা নিয়ে তৈরি হয়েছে একাধিক রহস্য। অনেকে সরাসরি এই ঘটনাকে উত্তরপ্রদেশ পুলিশের পরিকল্পনা বলে মনে করছেন।
পুলিশ সূত্রে খবর, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় মধ্যপ্রদেশের মহাকাল মন্দিরে পুজো দেওয়ার সময় পুলিশের হাতে পাকড়াও হন বিকাশ। আজ ভোরে বিকাশকে উত্তরপ্রদেশ পুলিশের এসটিএফ বাহিনী তিনটি কনভয় করে মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে কানপুরে নিয়ে আসছিল। সেইসময় কানপুরের ভৌতি হাইওয়েতে এসটিএফের একটি গাড়ি উল্টে যায়। সেই সুযোগে পুলিশের বন্দুক ছিনিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে বিকাশ। পুলিশ তার পিছু নিয়ে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু বিকাশ পুলিশের দিকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা পুলিশও গুলি চালায়। এরপরই বিকাশের বুকে গুলি লাগে। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। আবার এই ঘটনায় ৪ জন পুলিশ কর্মী আহত হন বলে খবর।
কিন্তু এনকাউন্টারের এই পুরো ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। প্রথমত, বৃহস্পতিবার সকালে পুলিশের জালে ধরা পড়ে বিকাশ, সারাদিন সময় থাকা সত্ত্বেও তাকে আনা হয়নি। আজ ভোরে কেন তাকে কানপুরের উদ্দেশ্যে আনা হল? অন্য সময়ও তো আনা যেত তাকে? দ্বিতীয়ত, এত সতর্কতা থাকা সত্ত্বেও কাকতলীয়ভাবে কানপুরের সামনে এসেই কিভাবে কনভয়ের একটি গাড়ি উল্টে গেল, তাও আবার হাইওয়েতে? তৃতীয়ত, একজন মোস্ট ওয়ান্টেডকে কি বেঁধে রাখা হয়নি, যে তিনি পালানোর চেষ্টা করলেন? চতুর্থত, পুলিশের পিস্তল কিভাবে ছিনিয়ে নিলেন তিনি, এই অপরাধীকে কি পুলিশ হালকা ভাবে নিয়েছিলেন? পঞ্চমত, পালানোর সময় পুলিশের গুলি ঠিক বিকাশের বুকেই নির্দিষ্টভাবে লাগল কিভাবে? ষষ্ঠ, হাসপাতালে নিয়ে যাওয়ার পরই কেন মৃত্যু হল বিকাশের?
এইসব প্রশ্ন মাথা চাড়া দিচ্ছে অনেকের মনে। স্থানীয় এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, ভোর বেলা গুলির শব্দ শোনা গেলেও, গাড়ি উল্টানোর কোনও ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে দেখা যায় একটি গাড়ি উল্টে থাকতে। এইসব ঘটনাকে একসঙ্গে জুড়ে অনেকেই মনে করছেন এটি একটি পরিকল্পিত ঘটনা। পরিকল্পনা করেই হাইওয়ের মতো ফাঁকা জায়গায় বিকাশকে এনকাউন্টারের সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। এর আগে বিকাশের দুই ছায়াসঙ্গীকেও এনকাউন্টার করে পুলিশ। তবে সোশ্যাল মিডিয়ায় যোগীর পুলিশের এই ভূমিকার অনেকে প্রশংসাও করেন।
ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক রঙও চড়তে শুরু করেছে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব টুইট করে বলেন, ” আসলে এই গাড়ি উল্টে না গেলে উল্টে যেত সরকারই। রাজ্য সরকারের বেশ কিছু তথ্য ফাঁস হয়ে যেত।”
প্রসঙ্গত, গ্যাংস্টার বিকাশ দুবের নামে খুন, অপহরণ, তোলাবাজি, সাম্প্রদায়িক হিংসা সহ সাতটি অভিযোগ ছিল। গত সপ্তাহে বিকাশকে ধরতে গিয়ে ৮ জন পুলিশ কর্মী নিহত হন। তারপর থেকে বিকাশকে নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় উত্তরপ্রদেশ জুড়ে।
আরও পড়ুনঃ
বন্দি অবস্থায় নির্মম অত্যাচার চালিয়েছিল চিনা সৈন্যরা, জানালেন কেরলের বীর সৈনিক
চিন্তায় বেজিং, মালাবার উপকূলে নৌবাহিনীর মহড়ায় অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানাচ্ছে ভারত
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news