চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার সাবধানে পদক্ষেপ নিতে চায় ভারতীয় সেনা (Indian Army)। তাই চিনা বাহিনী সরে যাওয়ার পরপরই সীমান্তবর্তী এলাকায় নজরদারি সিদ্ধান্ত নিল ভারতীয় সেনাবাহিনী সহ বায়ুসেনা। শুক্রবার প্যাঙ্গং লেক এলাকায় টহল দেওয়ার কাজ শুরু করতে চাইছে ভারতীয় সেনা। কয়েক দিন আগে ফিঙ্গার পয়েন্ট ৪ ও ফিঙ্গার পয়েন্ট ৮-এর মধ্যে থাকা সেনা চিন সরিয়েছে বলেই খবর। অবশ্য উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, এই এলাকায় অন্তত ১৮৬টি চেনা তাঁবু রয়েছে। ফিঙ্গার পয়েন্ট ৪-এর কাছ থেকে সেনা সরানো হলেও ফিঙ্গার পয়েন্ট ৪ থেকে ৮ পর্যন্ত অববাহিকা বরাবর সেনা মোতায়েন রেখেছে পিপলস লিবারেশন আর্মি। এমন ছবি ভারতীয় সেনার হাতে আসার পরেই ফের আলোচনা শুরু হয়েছে যে কথার খেলাপ করেছে লাল ফৌজ। এখন সেই পরিস্থিতি এবার সরেজমিনে খতিয়ে দেখতে চাইছে ভারত।
রাতের বেলাতেও সীমান্ত এলাকায় কড়া নজর রাখার জন্য মিগ-২৯ ফাইটার (Mig-29 Fighter) জেটের নয়া ভার্সন নামানো হয়েছে ভারত-চিন সীমান্তের লেহ এয়ারবেসে। ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, মিগ-২৯ ফাইটার জেটের আধুনিক ভ্যারিয়ান্টে এমন সেন্সর ও ক্যামেরা লাগানো রয়েছে যা রাতের বেলাতেও ভালো নজরদারির কাজ করতে পারে। নিয়ন্ত্রণরেখার গালওয়ান ও গোগরা হটস্প্রিংয়ে বিতর্কিত পেট্রোলিং পয়েন্টগুলোতে রাতের সময়েও কড়া নজরদারি রাখতে পারবে এই যুদ্ধবিমান। আর লেহ এয়ারবেস থেকে খুব দ্রুত এলএসি-তে চলে আসাও সম্ভব মিগের।
৬ জুন সেনা পর্যায়ের বৈঠকের পর যেভাবে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনীর ওপর নৃশংস হামলা চালিয়েছিল পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army), সেই স্মৃতি এখনও ভারতীয় সেনার মনের তাজা রয়েছে। তাই আর আগের মত, চিন সেনার কথাতে বিশ্বাস করতে নারাজ ভারতীয় সেনাবাহিনী থেকে বায়ুসেনা (Airforce)। পয়েন্ট থেকে পিছু হটলেও, ভারত সীমানায় যে এখনও পিপলস লিবারেশন আর্মির জওয়ানরা রয়ে গিয়েছে সে ব্যাপারে নিশ্চিত তারা। তাই এবার আর কোনও ভুল পদক্ষেপ নিতে নারাজ সেনা। তাই স্থল সেনার সঙ্গে বায়ুসেনা যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি রয়েছে। সঙ্গে চলছে নজরদারি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news