প্রসেনজিৎ মাহাতো:
ইস্টবেঙ্গল কোচ আলেসান্দ্রো মেনেন্ডেজ যখন বলেছিলেন প্রসঙ্গটা শিরোনামে উঠে এসেছিল। আলেসান্দ্রো জোর গলায় বলেছিলেন, ‘এই জবির ভারতীয় দলে সুযোগ পাওয়া উচিত। ওর মধ্যে সেই প্রতিভা রয়েছে।’ এবার যখন জবি জাস্টিন ভারতীয় দলের ক্যাম্পে ডাক পেতে চলেছেন, তখন কেরালার স্ট্রাইকারটি আলেসান্দ্রোর টিম ছেড়েছেন। আই লিগ ছেড়ে জবি এখন আইএসএলে। জবির এটিকেতে সই নিয়ে জলঘোলা অব্যাহত থাকলেও এটা একপ্রকার নিশ্চিত যে, কিংস কাপের আগে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হবে জবি জাস্টিনকে।
বন্ধু প্রীতম কোটালের ডাকে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে সম্প্রতি কলকাতায় এসেছিলেন জবি। জাতীয় দলের কোচ এখনও চূড়ান্ত হয়নি। তবু ফেডারেশনে খোঁজ নিয়ে জানা গেল, জবির ম্যাচের ভিডিও সংগ্রহ করে রেখেছেন জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের সদস্যরা। নতুন কোচ নিয়োগ হলেই তাঁকে জবির ম্যাচের ভিডিও দেখিয়ে ক্যাম্পে ডাকা হবে। খবরটায় এখনও সরকারি সিলমোহর না পড়লেও জাতীয় দলের ফুটবলাররাও মনে করছেন, জবি এবার সুযোগ পাবেই। কিংস কাপের আগে মুম্বই অথবা গোয়াতে হতে পারে শিবির। সেখানেই নিজেকে প্রমাণ করে জাতীয় দলের মূল দলে ঢোকার জন্য লড়াই করতে হবে জবি। লড়াইটা সহজ নয়। জবি নিজেও সেটা জানেন। এ বিষয়ে জবি এখনই কোনও মন্তব্য করতে চাননি।
প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য এই খবর শুনে খুবই খুশি। সুব্রত বলেন, ‘ও এ বছর দারুণ পারফরমেন্স করেছে। ওর আগেই জাতীয় দলে ডাকা উচিত ছিল। ওর খেলা আমার বেশ পছন্দ হয়।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news