নীল রায়:
ছয় বিধানসভার উপনির্বাচনের মধ্যে চারটিতে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অন্য দুই আসন নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি শাসকদল। মুর্শিদাবাদ জেলার কান্দি ও নওদা বিধানসভা উপনির্বাচন হবে আগামী ২০ মে। জোড়াফুলের প্রতীকে কারা প্রার্থী হবেন সেখানে? এমন প্রশ্নই ঘোরাফেরা করছে তৃণমূলের অন্দরে। কান্দির পদত্যাগী বিধায়ক অপূর্ব সরকার বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করছেন। নওদা কেন্দ্রের আরেক পদত্যাগী বিধায়ক মুর্শিদাবাদ লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়ে লড়াই করেছেন। এই আসনগুলিতে কি তাঁরা আদৌ জিততে পারবেন, তা নিয়ে বড় প্রশ্ন রয়েছে তৃণমূল কংগ্রেসের ঘরেই। দলের একাংশ মনে করছে নওদা ও কান্দি বিধানসভা উপনির্বাচনে যথাক্রমে আবু তাহের খান ও অপূর্ব সরকারকেই প্রার্থী করা উচিত তৃণমূলের। তাদের ব্যাখ্যায় দু’জনেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে এসেছিলেন। দলের কথাতেই তাঁরা নিজ নিজ আসন থেকে পদত্যাগ করে লোকসভায় প্রার্থী হয়েছেন। আর এই মুহূর্তে ওই দুই আসনে কোনও বিকল্প প্রার্থীও নেই দলের কাছে। তাছাড়া তাঁরা লোকসভা জিতবে এমন নিশ্চয়তা দলের জেলা নেতৃত্ব থেকে পায়নি দল। তাই আবু তাহের খান ও অপূর্ব সরকার ওরফে ডেভিডকে আবারও প্রার্থী করা যায় কি না তা নিয়ে ভাবনাচিন্তা চলছে।
এদিকে দলের একাংশ মনে করছে ওই দুই আসনে পদত্যাগী বিধায়কদের প্রার্থী করলে ভুল বার্তা যাবে মুর্শিদাবাদ জেলায়। প্রমাণিত হবে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা এখনও জোগাড় করতে পারেনি তৃণমূল। তাতে একদিকে যেমন মার খাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্ব, তেমনই মার খাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিও। তাই লোকসভা ভোটে প্রায় নিশ্চিত হার জেনেও কান্দির অপূর্ব সরকার ও নওদার আবু তাহের খানকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা নিয়ে দোটানায় তৃণমূল নেতৃত্ব।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news