নিজস্ব সংবাদদাতা, সিউড়ি, ১৪ এপ্রিল ঃ
কানে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এক যুবক। এই অপরাধে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। শারুখ খান ওরফে রাজু নামে ওই যুবকের বাড়ি বীরভূমে সিউড়ির লালকুঠি পাড়ায়। কয়েকদিন আগে সে নিজের ফেসবুকে কানে রিভালবার ঠেকিয়ে একটি ছবি পোস্ট করেছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ঘুরতে চলে যায় পুলিশের নজরে। এরপরই সিউড়ি থানার পুলিশ রাজুর খোঁজ শুরু করে। শুক্রবার সন্ধ্যার দিকে সিউড়ি থানার পুলিশ খবর পায় সিউড়ি ভগত সিং পার্কে ওই যুবক ঘোরাফেরা করছে। এরপরেই সেখানে হানা দিয়ে রাজুকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি রিভালবার। শনিবার তাকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ২৬ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ২৭ এপ্রিল তাঁকে ফের আদালতে তোলা হবে। তাঁর ফেসবুকে দেওয়া আরও এক যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তাঁর নাম এসকে আরিফ। সেও একই ভাবে কানে রিভালবার ঠেকিয়ে ছবি তুলে পোস্ট করেছে। তাঁর বাড়ি লালকুঠি পাড়ায়। স্থানীয়দের অভিযোগ, লালকুঠি পাড়ার অধিকাংশ মানুষ নেশায় বুঁদ হয়ে থাকে। ওই পাড়ার বেশ কিছু যুবক মাদক পাচার কারবারের সঙ্গে যুক্ত। বিজেপির দাবি, এই সমস্ত সমাজবিরোধীদের নিয়েই তৃণমূল মনোনয়নে বাধার সৃষ্টি করেছিল। এরাই তাঁদের কাছে উন্নয়ন। সেসময় তাঁরা অবাধে পুলিশের সামনে লাঠি, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরেছে। তখন পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। তাই তাঁরা এরকম ছবি পোস্ট করার সাহস পেয়েছে বলে জানান বিজেপির জেলা অবজারভার সমীরণ সাহা।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news