নিজস্ব প্রতিনিধি :
ভাতার, পূর্ব বর্ধমান: ভোটের উত্তেজনার কারণে এ বছর গাজন উৎসবে অন্নকূটের কর্মসূচি বাতিল করেছে ভাতারের সুকান্তপল্লি শিব পুজো কমিটি। প্রতিবছর গাজনে কমিটির পক্ষ থেকে মচ্ছব বা অন্নকূটের আয়োজন করা হয়। কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, এ বছর মনোনয়ন ঘিরে যে অশান্তি ছড়িয়েছে স্থানীয় এলাকায় তাতে আর অনুষ্ঠানের ঝুঁকি নিতে পারেননি তাঁরা। স্বভাবতই হতাশ স্থানীয় বাসিন্দারা।
ভাতার বাজার সুকান্তপল্লিতে রয়েছে শিবমন্দির। স্থানীয় সূত্রে জানা যায়, ভাতার বাজার ছাড়াও ভাতার গ্রাম, পালাড়, রবীন্দ্রপল্লি সহ আশপাশের গ্রামের অনেকেই এই মন্দিরে গাজন উৎসবে সামিল হন। গাজনের পরের দিন থাকে অন্নকূট। কমিটি সূত্রে খবর, প্রায় দু’আড়াই হাজার পুন্যার্থী এই অন্নকূটে সামিল হন।
কমিটির কর্মকর্তা মনোজ পাকড়ে, লক্ষ্ণণচন্দ্র মাহান্ত বলেন, প্রতিবছর অন্নকূট হলেও এবছর আমরা ওই কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়েছি। কারণ ভোটের মনোনয়ন ঘিরে টানা যে অশান্তি দেখা গিয়েছিল তাতে অনুষ্ঠান চালানোর ঝুঁকি নিতে পারিনি। অনেক মহিলা ও শিশু মচ্ছবে আসেন। তাঁদের নিরাপত্তার কথা ভেবে অনুষ্ঠান করিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাতার বাজারে ব্লক অফিসের অদুরেই রয়েছে এই শিবমন্দির। মনোনয়নের চতুর্থদিন থেকে ভাতার বাজারে দফায় দফায় অশান্তি দেখা দিয়েছিল। যদিও ইতিমধ্যে আদালতের নির্দেশে ভোটপ্রক্রিয়া স্থগিত। কিন্তু অশান্তির জেরে পুজো কমিটি অন্নকূট বাতিল করে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news