হরিশঙ্কর পরসাই
অনুবাদঃ পার্থসারথি পাণ্ডা
খুব নামকরা এক লেখক দিল্লি গেছেন। সেখানে একটি সম্মেলনে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর দেখা। আগে থেকেই দুজনের আলাপ রয়েছে। কাজেই মুখ্যমন্ত্রী একগাল হেসে জিজ্ঞেস করলেন, ‘কেমন আছেন? কোন সমস্যা নেই তো?’
লেখক এক চিলতে হেসে বললেন, ‘ভালোই আছি স্যার, তবে একটা সমস্যাতেও আছি… ছোট্ট সমস্যা…ওই বাড়ি নিয়ে আর কি…কিছুতেই ভালো একটা বাড়ি পাচ্ছি না, পেলে আরও খানিক শান্তিতে লিখতেটিখতে পারতাম আর কি…’
মুখ্যমন্ত্রী বললেন, ‘আরে এটা কোন সমস্যাই না…এক্ষুনি চিফ সেক্রেটারিকে বলে দিচ্ছি আপনার নামে একটা বাড়ি ‘অ্যালট’ করে দিতে।’
মুখ্যমন্ত্রী তক্ষুনি চিফ সেক্রেটারিকে বলে দিলেন, ‘ওহে লেখকের নামে একটা বাড়ি ‘অ্যালট’ করে দাও তো।’
চিফ সেক্রেটারি বললেন, ‘ইয়েস স্যার।’
চিফ সেক্রেটারি কমিশনারকে মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা বলে দিলেন। কমিশনার বললেন, ‘ইয়েস স্যার।’
কমিশনার আবার কালেক্টরকে চিফ সেক্রেটারির নির্দেশের কথা বলে দিলেন। কালেক্টর বললেন, ‘ইয়েস স্যার।’
কালেক্টর আবার রেন্ট কন্ট্রোলারকে কমিশনারের নির্দেশের কথা বলে দিলেন। রেন্ট কন্ট্রোলার বললেন, ‘ইয়েস স্যার।’
তক্ষুনি প্রশাসনের স্তরে স্তরে খবর পৌঁছে গেল। তাদের কথা শুনে মনে হল, সবাই যেন বাড়ি ‘অ্যালট’ করার কাজে এক্কেবারে ঝাঁপিয়ে পড়েছে!
এর বছর দেড়েক পর…আবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে লেখকের দেখা। তাঁকে দেখে মুখ্যমন্ত্রীর মনে পড়ল এঁর কি একটা কাজ যেন করে দেওয়ার ছিল! ও হ্যাঁ মনে পড়েছে, বাড়ি ‘অ্যালট’ করে দেওয়ার কথা ছিল। তিনি আবারও এক গাল হেসে লেখককে জিজ্ঞেস করলেন, ‘বাড়িটা পেয়ে গেছেন নিশ্চয়ই?’
লেখক বললেন, ‘কই না তো…’
মুখ্যমন্ত্রী তো অবাক, ‘সেকি! আমি যে তক্ষুনি ‘অ্যালট’ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলাম!’
লেখক মুচকি হেসে বললেন, ‘সে আপনি দিয়েছিলেন ঠিকই…কিন্তু ওপর তলা থেকে নীচের তলা অব্দি আসতে আসতে সে নির্দেশ শুধুই ‘ইয়েস স্যার’ হয়ে রয়ে গেছে স্যার!’
লেখক পরিচিতিঃ হরিশঙ্কর পরসাই আধুনিক হিন্দি সাহিত্যের বিশিষ্ট লেখক। ব্যঙ্গসাহিত্যে তাঁর বিশেষ খ্যাতি। মধ্যপ্রদেশে ২২ আগস্ট ১৯২৪ সালে তাঁর জন্ম, মৃত্যু ১০ আগস্ট ১৯৯৫ সালে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news