তরুণ সেন:
পরিবেশ দিবসটা আমাদের কাছে ঠিক যেন শিবের চিন্তায় শিবরাত্রি পালনের মতো। পরের দিন শিব গণ, স্বামী অন! তাই এই একটা দিনই পরিবেশ নিয়ে হোমরাচোমরাচামচাদের যত বাতেলা হবে, তারপর সব রেস্ট ইন পিস, পিস হেভেনে। প্রতীকী মিছিল, প্রতীকী প্রতিবাদের মতোই পরিবেশ ভাবনাটাও আমাদের নিছক প্রতীকী। পথ নিরাপত্তা সপ্তাহে যেমন প্রতীকী নিরাপত্তা শেখানো হয়, দেখে মনে হয় যেন এবার পথের বেনিয়ম সব হেজে যাবে, কিন্তু সপ্তাহ ফুরোলেই দেখা যায় নিয়মটাই হেজে গেছে! এই যে গত বছরের বিশ্ব পরিবেশ দিবসে ঘটা করে শ্লোগান উঠেছিল ‘প্লাস্টিক হঠাও’ ‘বিট’ করো, হঠেছে? ঘেচুঁ! বিট কয়েনের মতোই বহাল তবিয়তে রয়েছে। ক্যারিব্যাগে ড্রেন আটকে আমাদের দোরে রাস্তার জল চুমু খাবে এ বর্ষাতেও, ঘরের ভেতর বিহার করবে, এটাই ভবিষ্যৎ!

‘একটি গাছ একটি প্রাণ’ শ্লোগান মাত্র। আমার ন্যাবা ধরা ড্যাবা চোখে কাউকেই দেখিনি একটা গাছ কেটে পাঁচটা গাছ লাগাতে। আজ ঘটা করে সরকারি ছাপ মারা লোকেরা হেথায় হোথায় অনেক গাছ পুতবেন, ছবি উঠবে, গোড়ায় জল দেবেন। তারপর সেসব গাছ সেকেলে জমিদারের অবৈধ লেনডিগেন্ডির মতো মরলো কি বাঁচল কেউ খোঁজ রাখবে না! সরকারি চামচাদের নাহয় কিছু না করার হক জনগণই দিয়ে রেখেছেন। পরিবেশ সচেতনতার নামে তাঁদের ন্যাকামো বছর বছর সহ্য করেন, যেভাবে সহ্য করেন মদের বোতলে ও সিগারেটের প্যাকেটে ঢপের সতর্কীকরণ! রাস্তা চওড়া করার সময় গাছ কাটতে হলে চামচাকুলের আনন্দ দেখে কে! তাঁরা বেশ টু পাইসের গন্ধ পান, এবং বখরাসংস্কৃতির রবরবায় দেশের নাম উজ্জ্বল করেন। হাতে হাতে টাকা গুঁজে পুরোনো গাড়ি বগবগ করে বিষ ছাড়তে ছাড়তে দেদার চলে রাস্তা হাঁকিয়ে। পুকুর ভরাট হয় নাকের ডগায়, ফ্ল্যাট উঠে যায় তরতরিয়ে, প্ল্যান স্যাঙসান বা মিউটেশনে কোন সমস্যা হয় না। টাকায় কথা বলে, ঢোকে পরিবেশের পেছনে বাঁশ! ক্যারি ব্যাগের ব্যবহার কখনোই বন্ধ হয় না। তাবৎ শিল্পপতি পুঁজিপতিদের হাতে টিকি বিকিয়ে এখন সরকারের এই পরিবেশ পরিবেশ ধুলোবাজি ছাড়া আসলে আর কোন উপায় নেই!

আমরা আম আদমিও কম ঢ্যামনা নই, বলতে গেলে চামচা ও চামচাবাজদের চেয়ে আমরাই বেশি ঢ্যামনা। গাঁয়েগঞ্জে স্বচ্ছভারত বা নির্মল বাংলা স্কিমে ঘরে ঘরে পায়খানা বানিয়ে দেওয়া হল, ব্যবহার করছে ক’জন? নদিয়া খাতায় কলমে নাহয় নির্মল জেলা হয়েছে। কিন্তু অন্য জেলা গুলো? সত্যিটা হল, এরপরেও কিন্তু আজন্ম শিক্ষায় আমাদের মুক্তস্থানে মুক্তকচ্ছ হওয়া আটকায়নি। অধিকাংশ পাবলিকই সেই দু ফুট বাই দু ফুটের পায়খানা ঘরটিকে ছাগলের গোয়াল কিংবা বিচুলি বা ভুসি রাখার গুদাম করে তুলেছেন। হে আমার অতুলনীয় ভারতবর্ষ, অমূল্য ভারতবাসী!
শহুরে গন্ধমাখা এই আমরাই পশ্চাৎদেশে হাত মুছতে মুছতে বাজার চলে যাই, ক্যারি ব্যাগ বাগিয়ে বাজার করে ফিরি। বেয়াড়া আমাদের ধাত, মুখে লম্বা লম্বা বাত। সুতরাং, পরিবেশ দূষণ নিয়ে ছেলেরা স্কুলের পরীক্ষায় প্রতি বছর যাতে কুড়ি নম্বরের প্রবন্ধ লেখার সুযোগ পায়, সেই নিশ্চয়তা বজায় রাখতে না পারলে আমরা ভালো গার্জেন হব কি করে!

বরফ গলছে গো দাদা, বেশিদিন নেই, জলে ভাসবে গো স্বদেশভূমি, তার আগে আসুন, লেনডিগেন্ডি নিয়ে দুই বগলে ব্যাঙ্কের লকারের চাবি পাসবুক (যা কিনা, আপামর বাঙালির মরণকালে কুঁড়োজালি!) দেবে হিমালয়ের কোন পাথর ধরে বাঁদর ঝোলা ঝুলব এখন থেকে ঠিক করে রাখি, আস্তিক হলে প্রলয় পয়োধি জলে বিষ্টু ঠাকুর বট পাতা ভাসাবেন কিনা সেই আশায় আসুন পথ চেয়ে থাকি! ঘরে আগুন লাগার আগে কুয়ো খোঁড়া তো বাঙালি বা ভারতবাসীর স্বভাবে নেই। তারা ভাবের ঘরে চিচিং বন্ধ, খুলবার পাসওয়ার্ড হারিয়ে গেছে…।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news