নীল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতিতেই তাঁকে আক্রমণ করছেন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা! এমনটাই অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ! বৃহস্পতিবার সকালে একটি টুইট করেন তিনি। তাতে অভিযোগের সুরে রাজ্যপাল লেখেন, “একের পর এক মন্ত্রীরা রাজ্যপাল সম্পর্কে জনসমক্ষে আক্রমণ করে চলেছেন। আমি নিঃসন্দেহে এই সমস্ত আক্রমণকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন বলেই ধরে নিচ্ছি এবং এটি আমার এবং যারা গণতন্ত্র ও সংবিধানে বিশ্বাসী তাদের পক্ষে উদ্বেগজনক।”
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বয়ং রাজ্যপালকে ‘বিজেপি পার্টি ম্যান’ বলে আক্রমণ করেছিলেন। এছাড়াও তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterji) ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নানা ইস্যুতে তোপ দেখেছেন রাজ্যপালের বিরুদ্ধে। বুধবার ডোমকলের তৃণমূল কর্মীরা রাজ্যপালকে কালো পতাকা দেখিয়েছিল ‘গো ব্যাক’ দিলে তাও সমর্থন করে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। আরও এক কদম এগিয়ে চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা একের পর এক আক্রমণ শানানোয় রাজ্যপাল এতদিন প্রতিআক্রমণে যাননি। কিন্তু এইদিন সকালে টুইট করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, তাঁর প্রতি আক্রমণ গণতন্ত্র ও সংবিধানের বিশ্বাসী মানুষের কাছে উদ্বেগজনক। রাজনৈতিক মহলের মতে, আসলে রাজ্যের সাংবিধানিক প্রধানের মুখে ধরা পড়েছে বাংলার গণতন্ত্র ও সংবিধান সংকটে থাকার কথা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news