নিজস্ব প্রতিবেদন:
খড়গপুর বিধানসভার উপনির্বাচনকে ঘিরে যথেষ্ট টক্কর দেখা দিয়েছে রাজনৈতিক স্তরে। একদিকে যেমন নিজেদের বিধানসভার আসন হিসাবে হাতছাড়া করতে চাইছে না বিজেপি। অন্যদিকে তৃণমূলও দখল করে নিতে চাইছে এই আসনটি। প্রচারও চলছে জোরকদমে। রাজনৈতিক দলগুলি তারকাদের নিয়ে প্রচার শুরু করে ফেলেছেন।
ভোটের ময়দানে তৃণমূল তারকাদের নামালেও, বিজেপি ভরসা রাখছে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ এর উপর। ২০১৯ লোকসভা ভোটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁর নামে দুর্নীতির অভিযোগ থাকায়, বাঁকুড়ায় ঢোকা নিয়ে নিষেধাজ্ঞা ছিল আদালতের। সেই পরিস্থিতিতে স্বামীর হয়ে প্রচারের জন্য ভোটের ময়দানে কোমর বেঁধে নামেন সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা খাঁ। এমনকি প্রার্থী না হয়েও বিপক্ষের সঙ্গে লড়াই করে জিতিয়ে এনেছিলেন আসনটি। এবার সেই সুজাতাকে দিয়েই খড়গপুর উপনির্বাচনের প্রচার করছেন বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা।

এদিন হুড খোলা গাড়িতে প্রেমচাঁদ ঝায়ের সমর্থনে খড়গপুর এলাকায় একটি রোড শো করেন সুজাতা। রাজনৈতিক মহলের একাংশের ধারণা, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের কায়দায় খড়গপুর উপ-নির্বাচনে জয়ী হবে বিজেপি। অন্যদিকে নিজের গড় ধরে রাখতে প্রচারে তৎপর বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। এদিন তিনিও প্রেমচাঁদের হয়ে খড়গপুরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news