ওয়েব ডেস্ক:
শীতের ব্যাটে বিরাট দাপট। শহরের পারদ নামল ১০-এর কোঠায়। গত এক দশকে এমন হাড় কাঁপানো ঠাণ্ডার মুখোমুখি হয়নি কলকাতার মানুষ। বড়জোর গায়ে হালকা শীতের পোশাক চাপিয়ে সংবাদপত্রে পড়েছে পুরুলিয়া কী বাঁকুড়ায় খুব শীত পড়েছে। এবার সেই শীত টের পাওয়া যাচ্ছে গড়িয়াহাট ধর্মতলা, শ্যামবাজার থেকে দমদমের অলিগলিতে। সবচেয়ে বড় কথা প্রতিদিন পারদ নামছে। আগের দিনের রেকর্ড ভাঙছে ঠাণ্ডা। গতকাল বৃহস্পতিবার শহরের তাপমাত্র ছিল ১১.০২ ডিগ্রি সেলসিয়াস, আজ আরও নেমে হয়েছে ১০.০৬ ডিগ্রি। অর্থাৎ বর্ষবরণের আগেই কলকাতার পারদ নামল ১০ ডিগ্রিতে। হাড়হিম করা ঠান্ডায় কাবু মহানগরী। আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী আজকের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম।

এদিকে হিমাঙ্কের নীচে নেমেছে কার্শিয়াংয়ের তাপমাত্রা। রিশভ, দার্জিলিং, ঘুমে গতকাল হয়েছে তুষারপাত। উত্তরের পাহাড়ে এখন রাস্তা, বাড়ির ও হোটেলের ছাদ, গাছপালা সাদা ঝুরো বরফের চাদরে ঢাকা। তবে ঠাণ্ডায় কষ্ট হলেও খুশি শীতের আমেজ নিতে দার্জিলিং-এ যাওয়া পর্যটকেরা। তাঁদের মতে, বরফে ঢাকা সাদা কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি এবার উপরি পাওয়া হল তুষারপাত। পাশাপাশি পাহাড়ে তুষারপাতের জেরে সমতলে হুড়মুড়িয়ে নামছে পারদ। শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকায় নিম্নমুখী পারদ।

এদিকে বাঁকুড়ায় আটের কোটায় তাপমাত্রা। শীতের কামড় বর্ধমানও জবুথবু। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রী সেলসিয়াস। আজ শিল্পাঞ্চল আসানসোলের তাপমাত্রা নেমে গেছে ৭ ডিগ্রিতে। পুরুলিয়াতেও ৭। ঝাড়গ্রামও সর্বর্নিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে গোটা রাজ্যেই শীতের ব্যাটে বিরাটের দাপট।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news