Breaking News
Home / TRENDING / নিরাপত্তা প্রত্যাহার কেন? পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে জানতে চাইলেন শোভন

নিরাপত্তা প্রত্যাহার কেন? পুলিশের কমিশনারকে চিঠি দিয়ে জানতে চাইলেন শোভন

সূর্য সরকার

কলকাতার প্রাক্তন মেয়র তথা বেহালা পূর্বের বর্তমান বিধায়ক শোভন চট্টোপাধ্যায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর স্বাভাবিক নিয়মেই রাজ্য প্রশাসনও তাঁর সঙ্গে অসহযোগিতা শুরু করে দিয়েছে বলে অভিযোগ। গতকাল অর্থাৎ শনিবার বিকেলে কোনও আগাম খবর ছাড়াই তাঁর নিরাপত্তারক্ষী তুলে নিয়েছে রাজ্য সরকার, অভিযোগ অধুনা বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের। সেই অভিযোগকে সামনে রেখে কি কারণে পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ, তা জানতে চেয়ে কলকাতা পুলিশ কমিশনারকে কড়া চিঠি দিলেন বেহালা পূর্বের বিধায়ক।

চিঠিতে শোভন লিখেছেন , ” ১৯৯৫ সাল থেকে আমি নিরাপত্তারক্ষী পেয়ে থাকি। পরবর্তী সময়ে কলকাতার মেয়র এবং রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ একাধিক দফতরের মন্ত্রী হওয়ার কারণে আমাকে জেড   ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু মেয়র এবং মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পর সেটা ওয়াই প্লাস ক্যাটাগরিতে  নামিয়ে আনা হয়। এবার, গতকাল বিকেল থেকে আমার সব নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।”  কোনও আগাম নোটিশ ছাড়াই কেন এই সিদ্ধান্ত, সেটা জানতেই রবিবার ভোর রাতে কলকাতা পুলিশ কমিশনারকে ইমেল করেছেন প্রাক্তন এই তৃণমূল নেতা। নিজের রাজনৈতিক জীবনে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন শোভন। ১৯৮৫ সালে প্রথমবার কাউন্সিলর হন তিনি। সেই থেকে টানা কলকাতা পুর নিগমের কাউন্সিলর। ২০০০ সালে তৃণমূল পুর নিগমের মেয়র পরিষদ (জল) ছিলেন। ২০১০ সাল থেকে ২০১৮ নভেম্বর মাস পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন। ২০১১ সাল থেকে টানা এখনও বেহালা পূর্বের বিধায়ক তিনি। ২০১৬ সাল থেকে ২০১৮ নভেম্বর পর্যন্ত আবাসন, পরিবেশ ও দমকল মন্ত্রীও ছিলেন দিদির কানন। এমন একজন হাইপ্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা রাতারাতি সরিয়ে নেওয়ায় প্রশ্ন যেমন উঠছে। তেমনই ইমেল করেই শোভন চট্টোপাধ্যায়ও জবাব চেয়েছেন কলকাতা পুলিশ কমিশনারের কাছে।

সূত্রের খবর , সেই ইমেলের কোনও উত্তর শোভন পাননি।‌ স্বাভাবিকভাবেই, তৃণমূল ছেড়ে দেওয়ার পর এটা হওয়ারই ছিল, বলছে রাজনৈতিক মহল। যদিও, ইতিমধ্যেই বিজেপির তরফে শোভন চট্টোপাধ্যায় কেন্দ্রীয় নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে করা আবেদন গৃহীত হয়েছে বলেই খবর। সেক্ষেত্রে, শোভন চট্টোপাধ্যায় ওয়াই প্লাস এবং তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন বলেই সূত্রের খবর। এমনকি তাঁদের আবাসনেও দেখভালের দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী।
তবে, তাহলে হঠাৎ কেন শোভন এই চিঠি দিতে গেলেন কলকাতা পুলিশকে ? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পুরোটাই শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কৌশল।

বিজেপি সূত্রের মতে, যেদিন তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন সেইদিনই তাঁর  নিরাপত্তা যে তুলে নেওয়া হবে, তা নিয়েও দিল্লিতে আলোচনা হয়েছিল। এমনকি কেন্দ্রীয় নিরাপত্তার বিষয় নিয়েও একপ্রকার সিদ্ধান্ত হয়ে গেছিল শোভনের। আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল মাত্র। প্রত্যাশা  মতোই শনিবার বিকেলে রাজ্য সরকার শোভনের নিরাপত্তা তুলে নেয়। ফলে, চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের অভিযোগ এবং ক্ষোভ কলকাতা পুলিশকে তিনি জানিয়ে রাখলেন যাতে সেটা নথিভুক্ত থাকে। ফলে, তিনি বলতে পারবেন যে রাজ্য প্রতিহিংসাপরায়ণ হয়ে  নিরাপত্তা তুলে নিয়েছে। তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। তাই, কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছিলেন এবং সেটা মঞ্জুরও হয়েছে। তাই ‘কৌশলগত’ কারণেই নিজের আত্মপক্ষ সমর্থনের খাতিরে একটি চিঠি লিখে প্রাক্তন মেয়র কলকাতা পুলিশের কমিশনারের কাছে পাঠিয়ে রাখলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *