দেবক বন্দ্যোপাধ্যায়
ভুতচতু্র্দশীর দুপুর মানে সাবেক বাঙালির পাতে চৌদ্দ রকম শাক, আর সন্ধে মানে চৌদ্দ প্রদীপ। গ্রাম্য বাড়ির দাওয়ায়, শহুরে ফ্ল্যাটের চিলতে বারান্দায় সারি সারি প্রদীপের মিটি মিটি আলোর সঙ্গে আধুনিক ঝিকিমিকি আলোর সাবলীল সহাবস্থান!
ঘনিয়ে আসা ঘোর অমাবস্যার অন্ধকার আর মানুষের তৈরি সহস্র আলোকবর্তিকার লড়াইয়ের এক ফাঁকে মুকুল রায় যোগ দেবেন ভারতীয় জনতা পার্টিতে।
মুকুল শিবিরের খবর, “১৭ তারিখের পর মুকুল রায় বিজেপিতে যাচ্ছেন।”
শেষ পর্যন্ত কেন বিজেপি? নতুন দল নয় কেন? মুকুলের বক্তব্য, “আঞ্চলিক দল মানেই ব্যক্তি -নির্ভরতা, নির্ভরতা থেকেই একনায়কতন্ত্র আর সেখান থেকেই অহংকার আর অহংকার থেকে অপরকে অসম্মান।” তৃণমূলে এমনই একটি অবস্থা প্রত্যক্ষ করেছেন মুকুল। তাই আর আঞ্চলিক দল নয়।
তাহলে রাজ্যের সংখ্যালঘুদের কী হবে! তাঁর অনুগামীদেরও একটি বড় অংশ সংখ্যালঘু। তাঁরা কী তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারবেন! এক্ষেত্রেও যুক্তি রয়েছে হাতে গরম। “সংখ্যালঘুদের উন্নয়ন চাই। পড়াশোনার পরিবেশ চাই। তাঁদের শুধুমাত্র ভোট ব্যাঙ্ক বানিয়ে রেখে কাজের কাজ কিছু হবে না।”
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও এদিন বলেছেন, ” সংখ্যালঘুরা নিরাপত্তা চান। সেই জন্যে শাসক দলের সঙ্গে থাকতে চান। কোনও ব্যক্তি নয়, তাঁদের কাছে ধর্মীয় ও সাংস্কৃতিক নিরাপত্তাই বড় কথা।”
একটা সময় পর্যন্ত বিজয়বর্গীয়রা চিন্তাভাবনা করছিলেন মুকুলকে দলে নিলে বিজেপির ভাল নাকি দলের বাইরে রাখলে? তিনি নতুন দল করলে?
রাজ্যের ২৭ শতাংশ সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে কোন কৌশল বেশি কার্যকরী হবে তা নিয়ে বিচার-বিশ্লেষণ এবার শেষ হয়েছে। নতুন দল তৈরি করে এনডিএ-র শরিক হলেও সংখ্যালঘুদের যদি মুখ ফিরিয়ে থাকার হয়, তাঁরা মুখ ফিরিয়েই থাকবেন। তার চেয়ে, ভাবের ঘরে চুরি না করে, মুকুলকে সরাসরি বিজেপিতে যুক্ত করে , তাঁকে দিয়ে সংখ্যালঘুদের বিজেপি সম্পর্কে অনীহা কাটানোর চেষ্টা করা অনেক ভাল। অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বিজেপি সভাপতি অমিত শাহও এমনটাই মনে করছেন।
অনীহা কাটানোর প্রাথমিক চেষ্টা মুকুল ইতিমধ্যেই করেছেন। বলেছেন, তিনি মনে করেন না যে বিজেপি সাম্প্রদায়িক দল।
তিনি যা মনে করেন তা রাজ্যের সংখ্যালঘুদের বোঝানোই এখন মুকুলের বড় চ্যালেঞ্জ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news